দুই শিক্ষার্থীকে পিটিয়ে জখম করলেন শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও সুগার মিলস উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণীর দুই শিক্ষার্থীকে গতকাল বৃহস্পতিবার পিটিয়ে জখম করেছেন এক শিক্ষক। আলমগীর হোসেন ও সোহেল রানা নামের ওই দুই শিক্ষার্থীকে চিনিকল স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়। আলমগীর ও সোহেল জানায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে তারা শ্রেণীকক্ষ থেকে বের হয়ে শৌচাগারে যায়। ওই সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান পাঠদানের জন্য তাদের শ্রেণীকক্ষে যান। আলমগীর ও সোহেল অভিযোগ করে, শ্রেণীকক্ষে তাদের দুজনকে না পেয়ে ওই শিক্ষক ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি শ্রেণীকক্ষ থেকে বের হয়ে তাদের খুঁজতে থাকেন। এ সময় আলমগীর ও সোহেল শৌচাগার থেকে বের হয়ে শ্রেণীকক্ষের কাছে গেলে ওই শিক্ষক তাদের একটি ফাঁকা কক্ষে নিয়ে গিয়ে বেধড়ক পেটাতে থাকেন। এতে তাদের শরীরের বিভিন্ন স্থান ফেটে যায় ও ফুলে ওঠে। একপর্যায়ে ওই শিক্ষক কক্ষ থেকে বের হয়ে গেলে সহপাঠীরা তাদের দুজনকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।চিনিকল স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক এ কে এম আনোয়ারুল ইসলাম জানান, বাঁশজাতীয় কিছু দিয়ে পেটানোর কারণে দুই ছাত্রের শরীরে কোথাও রক্ত জমাট বেঁধেছে, কোথাও ফেটে গিয়ে রক্ত বের হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।আলমগীরের বাবা আজগর আলী বলেন, ‘আমার ছেলে বেয়াদবি করলে তাকে শারীরিক নির্যাতন না করে স্কুল কর্তৃপক্ষ আমাকে জানাতে পারত। আমি নিজেই শাস্তি দিতাম।’ছাত্রদের পেটানোর কথা স্বীকার করে হাবিবুর রহমান বলেন, ‘ছেলেগুলো খুবই দুষ্ট। ওদের নামে অনেক খারাপ অভিযোগ রয়েছে। তাই একটু শাসন করেছি মাত্র।’বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিনা আক্তার বলেন, ওই শিক্ষক যা করেছেন, তা বাঞ্ছনীয় নয়। ঠাকুরগাঁও চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক শিবেন্দ্রনাথ সরকার জানান, শিক্ষার্থীদের এভাবে মারধর করা কোনোভাবেই কাম্য নয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।