দুই শিক্ষার্থীকে পেটালেন ছাত্রলীগের নেতা-কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবার চাঁদা না দেওয়ায় দুই শিক্ষার্থীকে পিটিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা হলেন ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবদুল মুহিত ও ইমরান হোসেন। মুহিতকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে শুক্রবার মাদার বখশ হলে শিক্ষার্থী আবদুল হান্নান ও শনিবার শাহ মখদুম আবাসিক হলের ছাত্র শরিফুল ইসলামকে মারধর করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
আহত ইমরান অভিযোগ করেন, আহত মুহিত ও তাঁর বাড়ি ঝিনাইদহ জেলায়। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুদীপ্ত সালামের বাড়িও একই জেলায়। কয়েক দিন ধরে সালাম তাঁদের দেখা করতে বলেন। গতকাল বিকেল সাড়ে পাঁচটায় বঙ্গবন্ধু হলের ২৩০ নম্বর কক্ষে গেলে সালাম তাঁদের কাছ থেকে চাঁদা দাবি করেন। তা দিতে অস্বীকার করায় তিনি দুজনকে শিবির আখ্যা দিয়ে পুলিশে দেওয়ার হুমকি দেন। এরপর সালামের নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের বেধড়ক মারধর করেন এবং ধারালো অস্ত্র দিয়ে জখম করেন। প্রায় দেড় ঘণ্টা পর পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে।
চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে সুদীপ্ত বলেন, ‘ওই দুজনের মোবাইল পরীক্ষা করে দেখি শিবিরের নেতাদের খুদে বার্তা। তাই চড়-থাপড় দিয়ে পুলিশে দিয়েছি।’