দুই শিক্ষার্থীকে মারধর বাজারে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আল বেরুনী হল-সংলগ্ন ইসলামনগর বাজারের দোকানমালিকেরা গত রোববার রাতে ওই হলের দুই শিক্ষার্থীকে মারধর করেন। পরে ওই হলের শিক্ষার্থীরা বাজারটিতে হামলা চালান।
বাজারসংলগ্ন এলাকার বাসিন্দা ও হলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার সন্ধ্যায় ইসলামনগর বাজারের কাঠের দোকানদার বেলাল আল বেরুনী হলের ক্যান্টিন বয় আল আমিনকে মারধর করেন। ঘটনাটি আল আমিন ওই হলের ছাত্র মো. আবু সায়েম ও মো. রাসেলকে জানায়। তাঁরা রাত ১০টার দিকে ইসলামনগর বাজারসংলগ্ন বেলালের বাসায় যান। তখন বেলাল ইসলামনগরের বাসিন্দা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর ছাত্র জুয়েলকে মুঠোফোনে ডেকে আনেন। এরপর জুয়েলের সঙ্গে আল বেরুনী হলের ওই দুই শিক্ষার্থীর বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে জুয়েলসহ স্থানীয় কয়েকজন তাঁদের মারধর করেন। রাসেল ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে আসতে সক্ষম হলেও আবু সায়েমকে তাঁরা আটকে রাখেন। পরে আল বেরুনী হল শাখা ছাত্রলীগের নেতা-কর্মী ও অন্য শিক্ষার্থীরা গিয়ে সায়েমকে উদ্ধার করেন।
এ ঘটনার জের ধরে রাত একটার দিকে হলের শিক্ষার্থীরা ইসলামনগর বাজারে হামলা চালান। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তপন কুমার সাহা বলেন, ‘এ ঘটনা আমরা আজ (গতকাল) ডিসিপ্লিনারি বোর্ডের সভায় উপস্থাপন করেছি। সভায় ঘটনা তদন্তে প্রাধ্যক্ষ কমিটির সভাপতি শাহেদুর রশিদকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।’