দুই শিক্ষার্থীকে শাস্তি দিলেন সভাপতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের উজিরপুর উপজেলার জল্লার কারফা পাবলিক একাডেমির দুই সহোদর শিক্ষার্থীকে জোড়া বেত দিয়ে পিটিয়ে জখম করেছেন ওই বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নরেন বিশ্বাস। বিষয়টি কাউকে জানালে বিদ্যালয় থেকে বিদায় করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে অভিযোগ পাওয়া গেছে।শিক্ষার্থী, স্থানীয় লোকজন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ক্লাস চলাকালে শ্রেণীকক্ষে বসাকে কেন্দ্র করে নবম শ্রেণীর ছাত্র আমিরুল ও তার সহপাঠী সুমনের মধ্যে হাতাহাতি হয়। বিষয়টি জানার পরে নরেন বিশ্বাস আমিরুলকে ডেকে লাইব্রেরিতে নিয়ে জোড়া বেত দিয়ে পেটান। আমিরুলের বড় ভাই একই স্কুলের দশম শ্রেণীর ছাত্র তরিকুল ইসলাম অভিযোগ করে, ছোট ভাইয়ের চিৎকার শুনে তিনি লাইব্রেরিতে ছুটে গিয়ে না পেটানোর জন্য আকুতি জানায়। এ সময় সভাপতি নরেন উল্টো তাকেও জোড়া বেত দিয়ে একইভাবে পেটান। একপর্যায়ে ছোট ভাই আমিরুল অজ্ঞান হয়ে পড়ে। এ সময় সভাপতি নরেন বিশ্বাস তাদের সহপাঠীদের দিয়ে বাড়ি পাঠিয়ে দেন। এ ঘটনা কাউকে জানানো হলে তাদের বিদ্যালয় থেকে বিদায় করা হবে বলে তিনি হুমকি দেন। আহত দুই ছাত্রের বাবা আ. হক হাওলাদার অভিযোগ করেন, তুচ্ছ ঘটনায় শিশুদের এভাবে নির্যাতন করা অমানবিক। তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রধান শিক্ষক সুশীল হালদার এ প্রসঙ্গে বলেন, তেমন কোনো ঘটনা ঘটেনি, যা হয়েছে মীমাংসা করা হয়েছে। নরেন বিশ্বাস মুঠোফোনে দুই সহোদর ছাত্রের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে বলেন, ওরা সহপাঠীর সঙ্গে মারামারি করেছে। তাই বিচার হিসেবে শাস্তি দেওয়া হয়েছে।