দুই শিক্ষার্থীকে ৮০ হাজার টাকা জরিমানা!
কুমিল্লার সেন্ট্রাল মেডিকেল কলেজের প্রথম বর্ষের (পুরাতন) দুই শিক্ষার্থীকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে কলেজ কর্তৃপক্ষ। আগামী এক মাসের মধ্যে ওই টাকা পরিশোধ করতে হবে।একই সঙ্গে আগামী এক সপ্তাহের মধ্যে অভিভাবকদের স্বাক্ষরে মুচলেকা দিতে হবে। কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান স্বাক্ষরিত চিঠিতে ওই শাস্তিমূলক ব্যবস্থার কথা জানানো হয়। উদ্ভূত পরিস্থিতিতে কলেজের শিক্ষার্থীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।শিক্ষার্থীদের অভিযোগ, ভিন্ন রাজনৈতিক দলের মতাদর্শী হওয়ায় ওই দুই শিক্ষার্থীকে এত বড় অর্থদণ্ড দেওয়া হয়। অথচ যাঁদের নিয়ে ঘটনা, তাঁদের কেবল মুচলেকা আদায় করে অব্যাহতি দেওয়া হয়। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জামায়াতদলীয় সাবেক সাংসদ সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ২০১১ সালের ২২ সেপ্টেম্বর সেন্ট্রাল মেডিকেল কলেজের সপ্তম ব্যাচের, অর্থাৎ এমবিবিএস প্রথম বর্ষের (পুরাতন) ছয় শিক্ষার্থীর মধ্যে ফেসবুকে ছবি দেওয়াকে কেন্দ্র করে নগরের চকবাজার ও ধর্মসাগরপাড় এলাকায় দুই দফা ঝগড়া হয়। উদ্ভূত পরিস্থিতিতে কলেজ কর্তৃপক্ষ অ্যানাটমি বিভাগের প্রধান শামীম আহমেদকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করে। গত ২৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ওই ছয় শিক্ষার্থী তদন্ত কমিটির কাছে তাঁদের জবাব দেন। পরে ৮ অক্টোবর কমিটি প্রতিবেদন জমা দেয়। গত ৩ জানুয়ারি একাডেমিক কাউন্সিলের এক বৈঠক হয়। ওই বৈঠকে চার শিক্ষার্থীর কাছ থেকে মুচলেকা আদায়ের সিদ্ধান্ত হয়। অন্য দুই শিক্ষার্থী রিয়াজ উদ্দিন ও রিফাতুল আলমকে ৪০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এদিকে, ওই চিঠির খবর পেয়ে কলেজের সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁরা বলেছেন, যাঁদের কেন্দ্র করে ওই ঘটনা, তাঁদের কোনো ধরনের শাস্তি দেওয়া হয়নি। উল্টো প্রগতিশীল চেতনার শিক্ষার্থীদের বিরাট অঙ্কের টাকার শাস্তি দেওয়া হয়।এ ব্যাপারে ভুক্তভোগী শিক্ষার্থী রিয়াজ উদ্দিন ও রিফাতুল আলম কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি। কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান বলেন, ‘উভয় শিক্ষার্থীকে সংশোধনের জন্য ওই জরিমানা করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের আলোকে একাডেমিক কাউন্সিল ওই সিদ্ধান্ত নেয়। এ ব্যাপারে আপনাকে (এ প্রতিবেদককে) মোবাইলে কিছু বলতে পারব না। সমস্যা আছে।’