কিশোরগঞ্জের ভৈরবে বিয়াম ল্যাবরেটরি স্কুলে ‘পিকনিকের চাঁদা না দেওয়ায়’ পরীক্ষার খাতা থেকে ৫ নম্বর কর্তন ও দুই শিক্ষার্থীর ভর্তি বাতিলের স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে প্রতিষ্ঠানটির অধ্যক্ষের দায়িত্বে থাকা ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তারকে ১৫ জুন হাইকোর্টে হাজির হয়ে এই বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
ভর্তি বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে ওই দুই শিক্ষার্থীর বাবা তৌহিদুল ইসলাম গত ২৪ মে হাইকোর্টে রিট পিটিশন করেন। তার পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারক কাজী রেজাউল হকের বেঞ্চ ৩১ মে এই আদেশ দেন।
বিয়াম ল্যাবরেটরি স্কুল ‘বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের’ আওতাধীন ও ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম)’-এর অধিভুক্ত একটি শিক্ষাপ্রতিষ্ঠান। ভৈরব শাখায় অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন ইউএনও জেসমিন আক্তার এবং উপাধ্যক্ষ পদে আছেন সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার দাসের স্ত্রী সুপ্তি পাল।
ওই স্কুলে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তৌহিদুল ইসলাম ও পূবালী ব্যাংক ভৈরব পৌর শহরের কমলপুর শাখার প্রিন্সিপাল অফিসার কানিজ মাহমুদা শারমীন দম্পতির সন্তান তাহসীনা মাহজাবীন কেজি টু এবং ও ফাহমিদা ইসলাম কেজি শ্রেণিতে পড়ছিল।
তৌহিদুল ইসলামের দাবি, স্কুল কর্তৃপক্ষ গত ১ মার্চ স্কুলের পিকনিকের তারিখ ঘোষণা করে। পিকনিকের নোটিশের বিশেষ দ্রষ্টব্যে উল্লেখ করা হয়, চাঁদা না দিলে প্রথম সাময়িক পরীক্ষার খাতা থেকে ৫ নম্বর কর্তন করা হবে। তাহসীনা ও ফাহমিদা চাঁদা দেয়নি এবং পিকনিকে অংশ নেয়নি। এ কারণে কর্তৃপক্ষ দুই শিক্ষার্থীর প্রথম সাময়িক পরীক্ষা থেকে ৫ নম্বর কেটে নিয়ে ফলাফল নির্ধারণ করে।
২ মে দুই শিক্ষার্থীর মা কানিজ মাহমুদা স্কুলে গিয়ে কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানতে চান। বিষয়টি নিয়ে অধ্যক্ষের সঙ্গে কথা বলার সময় উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে তৌহিদুল ইসলাম ঘটনাস্থলে গেলে তাঁর সঙ্গেও অধ্যক্ষের বাগ্বিতণ্ডা হয়। ওই ঘটনার পর ৬ মে উপাধ্যক্ষ স্বাক্ষরিত এক আদেশে দুই শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়। ভর্তি বাতিলের কারণ হিসেবে উল্লেখ করা হয়, ‘এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিজের’ আওতায় ‘ওয়ান ডে আউটিং প্রোগ্রামে’ অংশগ্রহণ না করা ও অ্যাসাইনমেন্ট জমা দিতে ব্যর্থ হওয়ায় ৫ নম্বর কাটা হয়। এই ঘটনায় কানিজ মাহমুদা অধ্যক্ষের কক্ষে এসে শিষ্টাচারবহির্ভূত ও আক্রমণাত্মক ভাষায় আপত্তিকর মন্তব্য করায় শিক্ষার পরিবেশ ব্যাহত হয়েছে। আর এই কারণেই পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে দুই শিক্ষার্থীর ভর্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।
উচ্চ আদালতের নির্দেশনার কপি পাননি জানিয়ে ইউএনও জেসমিন আক্তার বলেন, সেদিন কানিজ মাহমুদা নিজেই তাঁর সন্তানদের স্কুল থেকে নিয়ে যাওয়ার কথা বলেন। স্কুলের ভাবমূর্তির কথা ভেবে পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে ভর্তি বাতিল করা হয়।