দুই শিক্ষার্থীসহ পাঁচ জেলায় গ্রেপ্তার ৫২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে পুলিশ ও যৌথ বাহিনীর অভিযানে বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ পাঁচ জেলায় ৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে সাতজন বিএনপির ও ১৫ জন জামায়াত-শিবিরের নেতা-কর্মী। বাকি ৩০ জন বিভিন্ন মামলার আসামি। তাঁদের সবাইকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকার বাইরে থেকে প্রথম আলোর প্রতিনিধিরা জানিয়েছেন বিস্তারিত:

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে শিবির সন্দেহে দুই শিক্ষার্থীকে মারধর করে পুলিশে দিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। ওই দুজনকে পুলিশের ওপর হামলার মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার দুজন হলেন অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইমরান এবং ফলিত গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাজেদুর রহমান।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমানকে পুলিশ গতকাল পূর্ণিমাগাঁতী বাজার থেকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বুধবার রাতে পুলিশ ও যৌথ বাহিনী অভিযান চালিয়ে নাশকতার অভিযোগে বিএনপি ও এর অঙ্গসংগঠনের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন জেলা যুবদলের সদস্য ইয়াহিয়া খান (৪৮), উপজেলার চান্দুরা ইউপি যুবদলের যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন (৩৭), উপজেলা বিএনপির সদস্য আবদুল খালেক (৫৬), উপজেলা ছাত্রদলের সদস্য সোহাগ মিয়া (২০), মামুন ভূঁইয়া (২০) ও শিরো মিয়া (২০)।

সাতক্ষীরা: জামায়াতের ১২ কর্মীসহ ৪২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার আটটি থানায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করা ব্যক্তিদের মধ্যে জামায়াতের কর্মী ১২ জন। বাকি ৩০ জন নিয়মিত মামলার আসামি।

দিনাজপুর: দিনাজপুরের চিরিরবন্দর জামায়াতের উত্তর শাখার আমির মো. গোলাম মোস্তফাকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। চিরিরবন্দর থানার পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে গত জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোটকেন্দ্রে হামলা, অগ্নিসংযোগ, সরকারি কাজে বাধাসহ বিভিন্ন অভিযোগে ১৩টি মামলা আছে।