চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার রাতে প্রীতিলতা ও শামসুন্নাহার হলের দুই আবাসিক শিক্ষিকাকে উত্ত্যক্ত করার দায়ে তিন যুবককে ২০ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ওই তিন যুবক হলেন মো. নাইম, মো. খোরশেদ ও মিজানুর রহমান। তিনজনের বাড়ি হাটহাজারী উপজেলার পূর্ব দেওয়াননগরে। গতকাল বুধবার দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসেন। আদালত পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদ আহমেদ। তিনি সাংবাদিকদের বলেন, দুই শিক্ষিকাকে উত্ত্যক্ত করার দায়ে তিন বখাটে যুবককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। তাদের আত্মীয়স্বজন এসে জরিমানার টাকা পরিশোধ করেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আকতার হোসেন জানান, এক শিক্ষিকার লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত তিন বখাটে যুবককে জরিমানা করেন। ঘটনার শিকার এক শিক্ষিকা প্রথম আলোকে বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে হলের দায়িত্ব শেষ করে বাসায় ফেরার পথে প্রীতিলতা হলের সামনে তিন বখাটে মোটরবাইক নিয়ে চক্কর দিতে থাকে এবং তাঁদের দুজনকে উত্ত্যক্ত করে। এর আগে গত ১০ মার্চ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে এক যুবককে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।