দুই শিক্ষিকার কী দোষ ছিল?
‘সব বিধি মেনে আবেদনের পর ২০০৮ সালের ৪ জানুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিত হই। আমাদের নামে ২০০৮ সালের ২৩ জানুয়ারি নিয়োগপত্রও পাঠানো হয়। কিন্তু এক সপ্তাহ পর হঠাৎ পত্রের মাধ্যমে জানানো হয়, আমাদের বয়স ৩০ বছরের বেশি হওয়ায় যোগদান স্থগিত করা হয়েছে। চার বছর পার হলেও আমাদের বিষয়টি সমাধান হয়নি।’
চোখের পানি মুছতে মুছতে চাকরিতে যোগদান করতে না পারার কষ্টের কথাগুলো বলেন খাগড়াছড়ির দীঘিনালার লিপি প্রভা দে ও রিতা বড়ুয়া নামের দুই নারী শিক্ষক।
উপজেলার পশ্চিম কাঁঠালতলীপাড়ার লিপি প্রভা দে অভিযোগ করে বলেন, ‘মনে হচ্ছে, আমরা দুই নারী সংখ্যালঘু সম্প্রদায়ের বলে হয়তো এই হয়রানির শিকার হয়েছি। আমি উপজেলার জামতলী স্যাটেলাইট প্রাথমিক বিদ্যালয়ে সাত বছর শিক্ষকতা করেছি। প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র থেকেও প্রশিক্ষণ নিয়েছি। চাকরিতে নিয়োগ পাওয়ার চার বছরেও যোগদান করতে না পারায় লজ্জায় মানুষের কাছে এখন মুখ দেখাতে পারি না। সবাই মনে করে বড় ধরনের কোনো অন্যায়ের কারণে আমার চাকরি চলে গেছে।’ পূর্ব থানাপাড়ার রিতা বড়ুয়া বলেন, ‘সংসারে অভাব-অনটন, অন্যদিকে তিন মেয়ের পড়ালেখার খরচসহ এখন নানা চিন্তায় আছি। অন্যায়ভাবে আমাদের নিয়োগ স্থগিত রেখেছে।’
রিতা বড়ুয়া পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় ও জনপ্রশাসন (সংস্থাপন) মন্ত্রণালয়ের পরিপত্র দেখিয়ে বলেন, ‘দেখুন পরিপত্রেই উল্লেখ আছে পার্বত্য চট্টগ্রামে উপজাতি ও অ-উপজাতিদের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ৪০ বছর পর্যন্ত বয়স নির্ধারণ রয়েছে। আমাদের নিয়োগের পরও আরও কয়েকটি নিয়োগে বয়স শিথিল করে শিক্ষক নিয়োগ দিয়েছে। আমরা দুজনের নিয়োগ বেআইনিভাবে স্থগিত করেছে। আমাদের বিষয়টি সুরাহা করার জন্য আমরা প্রধানমন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর প্রতি আকুল আবেদন জানাচ্ছি।’
সংস্থাপন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মাহমুদা মিন আরা স্বাক্ষরিত ২০০৪ সালের ১২ সেপ্টেম্বর এক পত্রে জানা যায়, ১৯৮৫ সালের ১৬ জানুয়ারি ও সংস্থাপন মন্ত্রণালয়ের ১৯৯৩ সালের ৮ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রামে শিক্ষক ও শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে বয়স শিথিলের আদেশ বহাল আছে এবং কোনো সংশোধন করা হয়নি বলে উল্লেখ করেন।
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মোহসিনা ইয়াসমিন স্বাক্ষরিত ২০০৪ সালের ২৬ সেপ্টেম্বর এক পত্রে জানা যায়, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের অধীন চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বয়স এক ধাপ শিথিলযোগ্য।
খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রমেন্দ্র নাথ পোদ্দার বলেন, ‘আমি এখানে যোগদান করেছি কয়েক মাস হয়। বিষয়টা ২০০৮ সালের, তাই দুই শিক্ষিকা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আমার কার্যালয়ে দেখা করলে আমি জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেব। আমিও কার্যালয়ে কাগজপত্র পর্যালোচনা করে বিষয়টা দেখছি।’