দুই শিবির কর্মী আটক চাঁদার রসিদ উদ্ধার
বরগুনা সদর উপজেলার ফুলঝুরি বাজার থেকে গতকাল বৃহস্পতিবার সকালে আবদুল জলিল (২৩) ও মো. ফরিদ হাওলাদার (২৪) নামের দুই শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।এ সময় তাঁদের কাছে শিবিরের চাঁদা তোলার চারটি রসিদ বই ও শিবিরের মাসিক প্রকাশনা ছাত্র সংবাদ নামে বেশ কিছু পুস্তিকা উদ্ধার করা হয়। এসব পুস্তিকায় জামায়াত নেতা গোলাম আযম, মতিউর রহমান নিজামী, সৈয়দ আবুল আলা মওদুদীসহ অনেকের নিবন্ধ রয়েছে।পুলিশ ও স্থানীয় লোকজনের ধারণা, শিবিরের সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও অর্থ সংগ্রহের জন্য এই দুই শিবির কর্মী কাজ করছিলেন।জলিল বরগুনার পাথরঘাটা উপজেলার ছোট পাথরঘাটা গ্রামের আবদুল কুদ্দুস হাওলাদারের ছেলে এবং খুলনা আলিয়া মাদ্রাসার কামিল শেষ বর্ষের ছাত্র। অন্যদিকে ফরিদ বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া গ্রামের মো. ফারুক হাওলাদারের ছেলে এবং বরিশাল বিএম কলেজের স্নাতকোত্তর শেষ বর্ষের ছাত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিবির কর্মীরা জানান, তাঁরা বরগুনা জেলা ছাত্রশিবিরের কর্মী হিসেবে সংগঠনের বিভিন্ন স্তরের কর্মীদের সঙ্গে যোগাযোগ ও অর্থ সংগ্রহের জন্য কাজ করছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল সাড়ে আটটার দিকে জলিল ও ফরিদ ফুলঝুরি মাধ্যমিক বিদ্যালয়ে আসেন এবং সেখানে বেশ কিছু সময় অবস্থান করেন। এরপর তাঁরা বামনা যাওয়ার উদ্দেশে ফুলঝুরি খেয়াঘাটে পৌঁছালে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। সেখান থেকে স্থানীয় লোকজন তাঁদের ধরে ফুলঝুরি নৌপুলিশ ফাঁড়িতে সোপর্দ করেন।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বেশ কয়েক ব্যক্তি জানান, ওই দুই শিবির কর্মী গত বুধবার বিকেলে ফুলঝুরি মাধ্যমিক বিদ্যালয়ে আসেন এবং বিদ্যালয়ে জামায়াত-সমর্থক একজন শিক্ষকের সঙ্গে বৈঠক করেন। গতকাল সকালে ওই শিক্ষকের সঙ্গে সাক্ষাৎ করে তাঁরা বামনায় যাচ্ছিলেন। বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শীলমণি চাকমা প্রথম আলোকে জানান, আটক শিবির কর্মীদের নাশকতা সৃষ্টির সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার দেখিয়ে গতকাল দুপুরে আদালতে সোপর্দ করলে আদালত তাঁদের জেলহাজতে প্রেরণ করেন।