দুই শিবির নেতার পায়ে পুলিশের গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের চৌগাছা উপজেলা ছাত্রশিবিরের দুই নেতার পায়ে গুলি করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে চৌগাছা-মহেশপুর সড়কের বুন্দলিতলায় এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, তারা আত্মরক্ষার্থে গুলি চালায়। তবে আহত ব্যক্তিদের পরিবারের দাবি, পুলিশ বাড়ি থেকে ধরে নিয়ে গুলি করেছে।
আহত ব্যক্তিরা হলেন চৌগাছা উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ইসরাফিল হোসেন (২০) ও সাহিত্য সম্পাদক রুহুল আমিন (১৯)। ইসরাফিল চৌগাছার চুটারহুদা গ্রামের আবদুর রহমানের ছেলে এবং রুহুল আমিন নারায়ণপুর গ্রামের ইমদাদুল হকের ছেলে। গুরুতর আহতাবস্থায় তাঁদের পুলিশি হেফাজতে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের হাঁটুর ওপরে গুলি লেগেছে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মসিউর রহমানের ভাষ্য, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বুন্দলিতলা এলাকায় টহল দিচ্ছিল পুলিশ। এ সময় ওই রাস্তা দিয়ে দুটি মোটরসাইকেল যেতে দেখে পুলিশ মোটরসাইকেল আরোহীদের থামার সংকেত দেয়। কিন্তু মোটরসাইকেল আরোহীরা দাঁড়িয়ে পুলিশকে লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করেন। এতে দুই পুলিশ সদস্য আহত হন। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। গুলিতে মোটরসাইকেল আরোহী দুই শিবির নেতা আহত হন। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে রাত ১২টার দিকে তাঁদের যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। গতকাল শুক্রবার দুপুরে যশোর জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায়, পুলিশি হেফাজতে দুজনের চিকিৎসা দেওয়া হচ্ছে। সাংবাদিক পরিচয় দিয়ে ঘটনা জানতে চাইলে ইসরাফিল ও রুহুল এ বিষয়ে কিছু বলতে রাজি হননি।
আহত ইসরাফিলের বাবা আবদুর রহমান ও রুহুল আমিনের বাবা ইমদাদুল হক সাংবাদিকদের বলেন, গত বুধবার রাতে পুলিশ তাঁদের সন্তানদের বাসা থেকে ধরে নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে দুই পরিবারের সদস্যরা চৌগাছা থানায় গিয়ে হাজতখানায় দুজনকে দেখে আসেন। এরপর বৃহস্পতিবার রাতে ‘রুহুল ও ইসরাফিল গুলিবিদ্ধ হয়েছে’ বলে পুলিশের পক্ষ থেকে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। তবে অভিযোগ অস্বীকার করে ওসি এম মসিউর রহমান বলেন, ‘পরিবারের সদস্যদের অভিযোগ ঠিক না। পুলিশের বিরুদ্ধে মানুষ ওই রকম কত কথাই বলে।’
দুই শিবির নেতার বিরুদ্ধে থানায় কোনো মামলা বা অভিযোগ নেই বলে স্বীকার করেন ওসি।