ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় গতকাল রোববার ট্রাক ও বাসের চাপায় বাদশা মিয়া (৮) নামের এক শিশু নিহত হয়েছে। কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় গাছের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কায় মারা গেছেন কলেজের অধ্যক্ষ আমির হোসেন (৫৫)।
এ ছাড়া জামালপুর ও টাঙ্গাইলে গতকাল ও আগের দিন শনিবার সড়ক দুর্ঘটনায় আরেক শিশুসহ প্রাণ হারিয়েছে তিনজন। বিস্তারিত জানিয়েছেন নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিরা।
ময়মনসিংহ: পুলিশ ও এলাকাবাসী জানান, ত্রিশাল পৌর শহরের দরিরামপুর এলাকার রুবেল মিয়ার ছেলে বাদশা গতকাল দুপুর ১২টার দিকে দরিরামপুর উজানপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিল। এ সময় প্রথমে ঢাকাগামী একটি বালুভর্তি ট্রাক তাকে চাপা দেয়। এরপর ট্রাকের পেছনে থাকা একটি যাত্রীবাহী বাসও তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে বাদশার মৃত্যু হয়।
এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী প্রায় এক ঘণ্টা ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক অবরোধ করে রাখে। ভাঙচুর করা হয় ১০-১২টি গাড়ি। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, পুলিশ বুঝিয়ে বিক্ষুব্ধ জনতাকে মহাসড়ক থেকে সরিয়ে দিলে বেলা একটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
কুমিল্লা: নিহত আমিরের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নোয়াগাঁ গ্রামে। তিনি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কাকৈরতলা জনতা কলেজের অধ্যক্ষ ছিলেন।
প্রত্যক্ষদর্শী কয়েকজন ব্যক্তি জানান, অধ্যক্ষ আমির হোসেন ঢাকা থেকে প্রাইভেট কারযোগে গতকাল সকালে কর্মস্থল চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন। সকাল ১০টার দিকে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় প্রাইভেট কারের চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে মাথায় গুরুতর আঘাত পান আমির। তাঁকে প্রথমে কুমিল্লা সিএমএইচ ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আমিরকে মৃত ঘোষণা করেন।
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি জানান, দুর্ঘটনায় আমির হোসেনের ভগ্নিপতি নুরুন্নবী খান (৭০), বোন আমেনা বেগম (৬০) ও গাড়িচালক ওমর ফারুক আহত হন। নুরুন্নবী ও আমেনা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ওমর ফারুক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ওমর ফারুক গতকাল বিকেলে এ প্রতিবেদককে বলেন, ক্যান্টনমেন্ট এলাকায় পৌঁছানোর পর প্রাইভেট কারের ব্রেকে কাজ না করলে তাঁরা দুর্ঘটনার শিকার হন।
টাঙ্গাইল: জেলার কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখেরুজ্জামান জানান, গতকাল বিকেল পাঁচটার দিকে কালিহাতী পেট্রলপাম্পের সামনে একটি ট্রাক জয় তালুকদার (১৩) নামের এক জেএসসি পরীক্ষার্থীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দোবগাতি গ্রামের আ. জলিল তালুকদারের ছেলে। পড়ত কালিহাতী আরএস পাইলট উচ্চবিদ্যালয়ে। পুলিশ ট্রাক ও এর চালককে আটক করেছে।
জামালপুর: পুলিশ ও এলাকাবাসী জানান, জামালপুর পৌরশহরের লাঙ্গলজোড়া এলাকার ভটভটিচালক রুবেল হোসেন (২৫) নিজের গাড়িতে ইট ভর্তি করে গতকাল সকালে নান্দিনা এলাকায় যাচ্ছিলেন। সাড়ে নয়টার দিকে নান্দিনা পশ্চিম বাজার এলাকায় ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। চালক রুবেল গাড়িটির নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
সরিষাবাড়ী (জামালপুর): পরিবার ও পুলিশ সূত্র জানায়, উপজেলার ভাটারা ইউনিয়নের কাষ্টসিংগা গ্রামের মোবারক হোসেনের মেয়ে সীমা খাতুন (২২) শনিবার রাতে পৌরশহরের ফায়ার সার্ভিসের সামনের মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি ইজিবাইক তাঁকে ধাক্কা দিলে পড়ে গিয়ে তাঁর মাথা ফেটে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।