দুই শিশু আশ্রয় পেল অন্যজন পেল না
ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকার ঘরে তালাবদ্ধ তিন শিশুর মধ্যে রিয়াজ (৭) ও হৃদয় (৫) পরিবারে আশ্রয় পেয়েছে। তবে কাজল লতার (৪) আশ্রয় হয়নি। বাংলাদেশ মানবাধিকার সংস্থার লোকজন গতকাল শনিবার তিন শিশুকে উদ্ধার করে নিজেদের কার্যালয়ে নিয়ে যান। সেখান থেকে পরিবারের লোকজন দুই শিশুকে নিয়ে যান।
তিন শিশুর বাবা শহিদুল ইসলাম। মা দুজন। রহিমা খাতুন ও নুরুন্নাহার বেগম। নুরুন্নাহার স্বামী ও সতিনের নির্যাতনে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আর তাঁকে নির্যাতনের অভিযোগে পুলিশের হাতে আটক হওয়ার পর জেলহাজতে আছেন শহিদুল ও রহিমা।
গতকাল তালাবদ্ধ ঘর থেকে তিন শিশুকে উদ্ধার করেন বাংলাদেশ মানবাধিকার সংস্থার কর্মকর্তারা। দুপুরে সংস্থার কার্যালয়ে এসে রিয়াদ ও হৃদয়কে কোলে তুলে নেন তাদের দুই মামা জামাল হোসেন ও আবদুল খালেক। এ ছাড়া কাজল লতাকে তার নানার বাড়ি ঝিনাইদহের সোনারদাড়ি গ্রামে নিয়ে যান সংস্থার কর্মকর্তারা। কিন্তু তারা মেয়েটিকে গ্রহণ করেনি। বর্তমানে ওই সংস্থার ঝিনাইদহ সদর শাখার সভাপতি আমিনুর রহমানের হেফাজতে রয়েছে সে।
তালাবদ্ধ তিন শিশুকে নিয়ে গতকাল প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, শিশুদের দিন কাটছে তালাবদ্ধ ঘরে। বাইরে থেকে দেওয়া হচ্ছে খাবার। এরপর সকালেই মানবাধিকার সংস্থার লোকজন প্রশাসনের সহযোগিতায় তিন শিশুকে তালাবদ্ধ ঘর থেকে বের করে তাঁদের হেফাজতে নেন।
মানবাধিকার বাস্তবায়ন সংস্থার ঝিনাইদহ সদর শাখার সভাপতি আমিনুর রহমান ওরফে টুকু বলেন, তাঁরা খবর দেওয়ার পর দুপুরে সংস্থার কার্যালয়ে আসেন নুরুন্নাহারের দুই ভাই জামাল হোসেন ও আবদুল খালেক। তাঁরা তাঁদের দুই ভাগনে রিয়াজ ও হৃদয়কে নিয়ে যান। জামাল হোসেন বলেন, তাঁরা ছয় ভাইবোন। সবার বড় বোন নুরুন্নাহার ঢাকায় এক বাসায় কাজ করতেন। সেখানে পরিচয় হয়েছিল জয়পুরহাটের আক্কেলপুর এলাকার শহিদুল ইসলামের সঙ্গে। এরপর পারিবারিকভাবে দুজনের বিয়ে হয়। কয়েক বছর পর শহিদুল দ্বিতীয় বিয়ে করলে তাঁদের বোনের ওপর নির্যাতন শুরু হয়। একপর্যায়ে তাঁকে ঢাকায় রেখে ঝিনাইদহে চলে আসেন শহিদুল। এরপর তাঁদের বোন স্বামীর খোঁজে ঝিনাইদহে এলে তাঁর ওপর অমানুষিক নির্যাতন করা হয়।