দুই শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কামরাঙ্গীরচর ও করাতিটোলায় দুর্ঘটনায় গতকাল সোমবার দুই শিশু নিহত হয়েছে। তাদের লাশ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

গেন্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) আল মোমেন জানান, রাত পৌনে আটটার দিকে একটি বাস সায়েদাবাদ রেলক্রসিং পার হওয়ার সময় নারায়ণগঞ্জগামী একটি ট্রেন সেটিকে ধাক্কা দেয়। এতে বাসটি ছিটকে কিছু দূরে করাতিটোলা স্কুলের কাছে গিয়ে পড়ে। এ সময় ওই বাসের চাপায় এক শিশুসহ দুজন আহত হয়। তাদের মধ্যে গুরুতর আহত শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা জানান, আগেই তার মৃত্যু হয়েছে।

ঢাকা রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক মো. জাহিদ বলেন, নিহত শিশুর পরনে কালো রঙের ফুলপ্যান্ট ও সাদা-খয়েরি রঙের সোয়েটার ছিল। তার বয়স আনুমানিক ১০ বছর। শিশুটির পরিচয় জানার চেষ্টা চলছে।

এদিকে কামরাঙ্গীরচরে বেড়িবাঁধের ময়দার মিল এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত হয়েছে সোনিয়া নামের পাঁচ বছর বয়সী এক শিশু।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, বিকেল পাঁচটার দিকে ময়দার মিলের কাছে রাস্তা পার হওয়ার সময় পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয় সোনিয়া।

সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। সোনিয়ার বাবা নুরুল ইসলাম রিকশাচালক।