দুই শিশু শিক্ষার্থীকে পিটিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার কাশিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুই ছাত্রকে প্রহারের অভিযোগ পাওয়া গেছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার এ ঘটনা ঘটে।পিটুনিতে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র জাকির হোসেন (১০) ও হাসনাইন (১০) আহত হয়। তাদের বাড়ি উপজেলার কাশিনগর গ্রামে। এদের মধ্যে জাকির কামাল হোসেনের এবং হাসনাইন শাজাহান মিয়ার ছেলে।প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীরা জানায়, গতকাল বেলা দেড়টায় টিফিন বিরতির সময় হাসনাইন ও জাকির বাইরে গিয়ে ছোটাছুটি করছিল। কিছুক্ষণ পর প্রধান শিক্ষক হাবিবুর রহমান তাদের শ্রেণীকক্ষে ডেকে নিয়ে পিটুনি দেন। একপর্যায়ে জাকিরের মাথা ফেটে যায়। পরে বিদ্যালয়ের শিক্ষকেরা ছুটে এসে হাসনাইন ও জাকিরকে উদ্ধার করে স্থানীয় কালীগঞ্জ বাজারে এক পল্লি চিকিৎসকের কাছে নিয়ে যান। ঘটনা শুনে হাসনাইন ও জাকিরের অভিভাবকেরা এসে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আহম্মেদ শাহেদ জানান, জাকিরের মাথায় গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। হাসনাইনের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন আছে।প্রধান শিক্ষক হাবিবুর রহমান বলেন, ‘বিষয়টি মিটিয়ে ফেলার চেষ্টা করছি।’