দুই শিশু হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় দুই সহোদর শিশুকে অপহরণ করে হত্যার দায়ে দুজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ গোলাম ফারুক গতকাল বুধবার এ রায় দেন। ওই তিনজনের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
মৃত্যুদণ্ড পাওয়া দুজন হলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল মোগলপাড়ার মাহফুজুল ইসলাম ও আবুল কালাম আজাদ ওরফে বাদশা মিয়া। যাবজ্জীবন সাজা পাওয়া আকতার হোসেনের বাড়ি একই গ্রামে। তাঁদের অনুপস্থিতিতে মামলায় রায় ঘোষণা করা হয়। এ ছাড়া মাহফুজুলের বাবা মফিজ উদ্দিন খালাস পেয়েছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৪ সালের ২ নভেম্বর শিবগঞ্জ উপজেলার আটমূল মোগলপাড়ার মুছা মিয়ার দুই সন্তান রহিমা খাতুন (৮) ও আবদুর রহিম (৬) বাড়ির পাশে ডোবায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়। এক সপ্তাহ পর ৯ নভেম্বর গ্রামের ধানখেত থেকে দুই শিশুর লাশ পাওয়া যায়। এ ঘটনায় বাবা মুছা মিয়া শিবগঞ্জ থানায় হত্যা মামলা করেন। আবুল কালাম আজাদকে পুলিশ গ্রেপ্তার করে। তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উল্লেখ করেন, মুক্তিপণ আদায়ের জন্য অপহরণ করতে গেলে ওই দুই শিশু চেঁচামেচি করে। ধরা পড়ার ভয়ে তাঁরা দুজনকেই শ্বাসরোধ করে হত্যার পর ধানখেতে লাশ ফেলে পালিয়ে যান। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের নামও জানান তিনি।