দুই শিশু হত্যার ঘটনায় মামলা
টাঙ্গাইলের মির্জাপুরে দুই শিশুকে গলা কেটে হত্যার ঘটনায় মির্জাপুর থানায় মামলা হয়েছে। হত্যার শিকার এক শিশুর মা বাদী হয়ে আজ শনিবার সকালে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে এ মামলা করেন। এ ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় মির্জাপুর থানার মুরাভাঙ্গা এলাকার একটি লেবু খেত থেকে মো. শাকিল (১১) ও মো. ইমরান (১১) নামের দুই শিশুর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। শাকিল ও ইমরানের বাড়ি ঢাকার ধামরাই উপজেলার চরচৌহাট গ্রামে। তাঁরা স্থানীয় একটি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। গত বুধবার বাড়ি থেকে বের হয়ে তারা নিখোঁজ হয়। পরে বাড়ির অদূরে তাঁদের লাশ পাওয়া যায়। এ ঘটনায় শাকিলের মা জোসনা বেগম বাদী হয়ে আজ হত্যা মামলা করেন।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনউদ্দিন প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত শেষে দুই শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
এদিকে গতকাল লাশ উদ্ধারের পর দুই শিশুর বাড়ির লোকজন সন্দেহভাজন একজনকে আটক করে ধামরাই থানার পুলিশকে হস্তান্তর করেছিল। ওই আটক ব্যক্তির ব্যাপারে জানতে চাইলে ধামরাই থানার ওসি রিজাউল হক প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদে কোনো সংশ্লিষ্টতা না পাওয়ায় ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়েছে।