দুই শিশু হত্যার বিচার চেয়ে মানববন্ধন
কক্সবাজারের রামুর গর্জনিয়া ইউনিয়নের বড়বিল গ্রামের দুই শিশু হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ব্যক্তিদের ফাঁসির দাবিতে গতকাল রোববার মানববন্ধন হয়েছে। এতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। পরে গর্জনিয়ার ‘সম্রাট শাহ সুজা সড়কের’ আমির মোহাম্মদ চত্বরে তারা প্রতিবাদ সমাবেশ করে।
গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাবেক ইউপি চেয়ারম্যান ছুরুত আলম চৌধুরী, গর্জনিয়া উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কায়সার জাহান চৌধুরী, শিক্ষক আবু মুছা কুতুবি, আওয়ামী লীগ নেতা হাবিব উল্লাহ চৌধুরী প্রমুখ।
গর্জনিয়া উচ্চবিদ্যালয়, পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, গর্জনিয়া বিদ্যাপীঠ, কচ্ছপিয়া আইডিয়াল স্কুলসহ গর্জনিয়া ইউনিয়নের ২০টি বিদ্যালয়ের প্রায় দেড় হাজার শিক্ষার্থী মানববন্ধন ও সমাবেশে অংশ নেয়।
গর্জনিয়া ইউপি চেয়ারম্যান তৈয়ব উল্লাহ চৌধুরী বলেন, ‘দুই শিশু হত্যাকাণ্ডের ঘটনায় গর্জনিয়ার মানুষ হতবাক ও ক্ষুব্ধ। মানুষরূপী জানোয়ারেরাই পারে বর্বর কায়দায় অবুঝ শিশুদের হত্যা করতে। আমরা ফাঁসির দাবি করছি।’
১৭ জানুয়ারি সন্ধ্যায় বাড়ির পাশে খেলা করার সময় দুর্বৃত্তরা দুই ভাই মোহাম্মদ হাসান শাকিল ও মোহাম্মদ হোছাইন কাজলকে অপহরণ করে। এরপর ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না পেয়ে দুর্বৃত্তরা দুই ভাইকে হত্যা করে। গত মঙ্গলবার রাতে পুলিশ বড়বিলের একটি ফলের বাগান থেকে দুই শিশুর লাশ উদ্ধার করে। নিহত শাকিল ও কাজল বড়বিল গ্রামের মোহাম্মদ ফোরকানের ছেলে।
রামু থানার ওসি আবদুল মজিদ বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে আটজনকে পাঁচ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।