বান্দরবানের লামা থেকে আট বছর বয়সী যমজ দুই ভাইকে অপহরণের পর গতকাল বুধবার চকরিয়া বাসস্টেশন এলাকায় ছেড়ে দিয়েছে অপহরণকারীরা।
স্থানীয় একজন জনপ্রতিনিধির ভাষ্যমতে, ৫০ হাজার টাকা মুক্তিপণ দেওয়ার পর অপহরণকারীরা দুই শিশুকে ছেড়ে দেয়।
শিশু দুটির বাড়ি লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংসা বড় পাড়ায়।
অপহৃত দুই শিশুর বড় ভাই আচিং মারমা বলেন, গত মঙ্গলবার বিদ্যালয় ছুটির পর থেকে তাঁর তৃতীয় শ্রেণিতে পড়ুয়া দুই যমজ ভাই অংনাইসিং ও অংনাইশো মারমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা মুঠোফোনে তাদের জানায়, তাঁর দুই ভাইকে অপহরণ করা হয়েছে। এ সময় তারা এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা দেওয়া না হলে এবং বিষয়টি পুলিশ জানালে দুজনকে গুম করার হুমকি দেয় অপহরণকারীরা।
দুই শিশুর বরাত দিয়ে আচিং মারমা বলেন, কেওচিং মারমা নামের এক ব্যক্তি মেলায় নেওয়ার কথা বলে তাঁর দুই ভাইকে গাড়িতে ওঠায়। কিছু দূর গিয়ে ওই গাড়ি থেকে নামিয়ে তাদের আরেকটি গাড়িতে ওঠানো হয়। এরপর তাদের কোথায় নেওয়া হয়েছে, তার দুই ভাই তা জানে না। তাদের একটি বাড়িতে দরজা বন্ধ করে রাখা হয়েছিল। তিনি বলেন, কেওসিং মারমা তাঁদের পূর্বপরিচিত।
ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আপ্রুসি মারমা বলেন, অপহরণকারীদের বিকাশের মাধ্যমে ৫০ হাজার টাকা পাঠানোর পর বেলা তিনটার দিকে চকরিয়া বাসস্টেশন এলাকায় দুই শিশুকে ছেড়ে দেওয়া হয়।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, পুলিশের তৎপরতা ও স্থানীয় লোকজনের প্রচেষ্টায় অপহৃত দুই শিশুকে দ্রুত উদ্ধার করা সম্ভব হয়েছে। তিনি বলেন, অপহরণকারীদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে।