অজ্ঞাতপরিচয় এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধারের ঘটনায় আইনের সংস্পর্শে আসা দুই শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
পুলিশের লালাবাগ বিভাগের উপকমিশনার ও কামারাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে মামলাটির বিচার শেষ না হওয়া পর্যন্ত ওই দুই শিশু জামিনে থাকবে।
এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বিষয়টি ১ মার্চ পরবর্তী আদেশের জন্য আসবে।
রিট আবেদনকারী আইনজীবী আবদুল হালিম প্রথম আলোকে বলেন, শিশুদের বয়স নির্ধারণ না করে গ্রেপ্তার করায় আইনের লঙ্ঘন হয়েছে বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। হত্যা মামলাটি মুখ্য মহানগর হাকিম আদালতে রয়েছে। এটি শিশু আদালতে পাঠাতে বলা হয়েছে।
গত বছরের ২৪ নভেম্বর ‘লাশের পরিচয় মেলেনি, খুনি সন্দেহে দুই শিশু গ্রেপ্তার’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন ছাপা হয়। এটি যুক্ত করে চিলড্রেনস চ্যারিটি বাংলাদেশ (সিসিবি) ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল হালিম হাইকোর্টে রিট করেন।
রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ২৯ নভেম্বর হাইকোর্ট রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন। ওই দুই শিশুর বয়স শিশু আইনের সংশ্লিষ্ট বিধান অনুসারে কীভাবে যাচাই করা হয়েছিল, সে বিষয়ে ব্যাখ্যা জানাতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়। হাইকোর্ট ওই দুই শিশুকে ২৯ জানুয়ারি আদালতে হাজির করতে বলেন।
গতকাল সকালে ওই দুই শিশুকে আদালতে নিয়ে আসা হয়। আদালতে রিটের পক্ষের শুনানি করেন আইনজীবী আবদুল হালিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।