দুই শিশুকে নিয়ে মায়ের আত্মহত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কাফরুল থানার উত্তর ইব্রাহিমপুরে গতকাল সোমবার সকালে দুই শিশুসন্তান ও এক মায়ের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ লাশ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। প্রাথমিক আলামত ও তথ্যের ভিত্তিতে পুলিশ মনে করছে, বিষপানে তাঁরা আত্মহত্যা করেছেন। এবং এর নেপথ্যে রয়েছে পারিবারিক কলহ।মৃত ব্যক্তিরা হলেন, জাহানারা বেগম (৩৬) এবং তাঁর দুই শিশুসন্তান হাওয়া আক্তার ওরফে হাবিবা আক্তার (১০) ও শারমিন আক্তার (৫)। হাওয়া মিরপুর সেনপাড়া পর্বতার একটি স্কুলে পঞ্চম শ্রেণীতে পড়ত। আর শারমিন পড়ত নার্সারিতে। ঘটনার পর থেকে জাহানারার স্বামী মোহাম্মদ ইসলাম পলাতক রয়েছেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, জাহানারা স্বামী ও দুই সন্তান নিয়ে উত্তর ইব্রাহিমপুরের আশিদাগে এক বাসায় ভাড়া থাকতেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে গোঙানির শব্দ শুনে আশপাশের লোকজন ওই বাসায় গিয়ে দেখেন, জাহানারা ও তাঁর দুই সন্তান যন্ত্রণায় ছটফট করছেন। পরে লোকজন উদ্ধার করে জাহানারা ও শারমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও হাওয়াকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। পরে পুলিশ তিনজনের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।স্থানীয় মোজাম্মেল হোসেন বলেন, বাসার কাছাকাছি জাহানারার স্বামী মোহাম্মদ ইসলামের একটি লন্ড্রি ও মুঠোফোনে টাকা ভরার দোকান আছে। তিনি শুনেছেন, ছটফটানির একপর্যায়ে হাওয়া বাসা থেকে বের হয়ে ওই দোকানে ছুটে যায়। সে তার বাবাকে জানায়, তার মা তাদের বিষ খাইয়েছে। পরে হাওয়াকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। প্রতিবেশীরা জানান, সকালের দিকে মোহাম্মদ ইসলাম বাসা থেকে বের হয়ে দোকানে চলে যান। সকাল আটটার দিকে ছোট মেয়ে শারমিন স্কুলে যায়। ১০টার দিকে সে স্কুল থেকে ফিরে আসে। বাসায় আগে থেকেই ছিলেন জাহানারা ও হাওয়া। শারমিন স্কুল থেকে ফেরার পর এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।কয়েকজন প্রতিবেশী জানান, মোহাম্মদ ইসলাম আগেও একটি বিয়ে করেছিলেন। পরে ছাড়াছাড়ি হয়ে যায়। সম্প্রতি এক নারীর সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে তাঁদের স্বামী-স্ত্রীর মধ্যে কলহ-বিবাদের সৃষ্টি হয়। রোববার রাতেও তাঁদের মধ্যে ঝগড়া হয়।প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, উদ্ধার করার সময় ওই বাসায় একটি বিষের বোতল, আনারস ও দুধ পড়ে থাকতে দেখা যায়। হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যাওয়ার সময় তিনজনের মুখে তরল পদার্থ ছিল।কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, মা জাহানারা প্রথমে নিজের দুই মেয়েকে বিষপান করিয়ে পরে নিজে পান করেন। তিনজনের মৃত্যুর কারণ বিষক্রিয়া বলে চিকিৎসকেরা নিশ্চিত করেছেন। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তিনি জানান, জাহানারার স্বামীকে খোঁজা হচ্ছে। ওই বাসাটি এখন তালাবদ্ধ। আত্মীয়স্বজনকে খবর দেওয়া হয়েছে। তারা এলে থানায় মামলা হবে।