দুই শিশুকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারিবারিক বিরোধের জের ধরে ইয়াসমিন আক্তার (৩০) নামের এক নারী অবুঝ দুই শিশুকে কুপিয়ে হত্যা করেছেন। গতকাল সোমবার সকালে কুমিল্লার মুরাদনগর উপজেলা বাবুটিপাড়া ইউনিয়নের লাজোর গ্রামে ওই হত্যাকাণ্ড ঘটে।
নিহত দুই শিশু হলো লাজোর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে আরাফাত হোসেন (৪) ও শাহ আলমের ছেলে জসিম উদ্দিন (৭)। ইয়াসমিনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি দুই শিশুকে হত্যা করার কথা স্বীকার করেছেন।
নিহত আরাফাত গ্রেপ্তার হওয়া ইয়াসমিনের আপন বড় বোনের ছেলে। একই সঙ্গে তিনি আরাফাতের চাচা বাবুল হোসেনের স্ত্রী। এ ঘটনায় বিল্লাল মুরাদনগর থানায় হত্যা মামলা করেছেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, লাজোর গ্রামের বাবুল মিয়ার স্ত্রী ইয়াসমিনের সঙ্গে ওই দুই শিশুর পরিবারের সদস্যদের প্রায়ই ঝগড়া হতো। গতকাল বেলা ১১টায় ইয়াসমিন বাড়ির পাশের মাঠে কচুরিপানা কাটতে যান। ওই সময় তিনি আরাফাত ও জসিমকে সঙ্গে নিয়ে যান। একপর্যায়ে ইয়াসমিন কাঁচি দিয়ে প্রথমে আরাফাতকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেন। এরপর তার লাশ ভুট্টাখেতে লুকিয়ে রাখেন। এ সময় শিশু জসিম উদ্দিন পালাতে চেষ্টা করে। পরে তাকেও উপর্যুপরি কুপিয়ে হত্যা করা হয়। পরে লাশ কালাডুমুর নদীর পাড়ে ফেলে রাখা হয়।
দুই শিশুকে হত্যার পর ইয়াসমিন বাড়ি ফিরছিলেন। পথে একই গ্রামের এক ব্যক্তি ইয়াসমিনের কাপড়ে রক্ত দেখতে পান। তিনি ইয়াসমিনকে আটক করেন। পরে তিনি এলাকাবাসী, বাবুটিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে ইয়াসমিনকে গ্রেপ্তার করে। একই সঙ্গে ভুট্টাখেত ও নদীর পাড় থেকে শিশুদের লাশ উদ্ধার করে থানায় নেয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিল্লাল হোসেন বলেন, ‘ইয়াসমিন ও তাঁর পরিবারের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। তবু কী কারণে তিনি অবুঝ শিশুদের হত্যা করলেন বুঝতে পারছি না।’
জানতে চাইলে বাবুটিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন মুন্সী বলেন, ‘ওই নারী দুই শিশুকে গলা কেটে হত্যা করেছেন। এর মধ্যে আরাফাত তাঁর আপন বড় বোনের ছেলে।’
ইয়াসমিনকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার সময় তিনি সাংবাদিক ও পুলিশের কাছে দুই শিশুকে খুন করার কথা স্বীকার করেছেন।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বলেন, ‘পারিবারিক কলহ ও মানসিক যন্ত্রণায় এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তার পরও বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।’