দুই শিশুকে হত্যা করে আত্মহত্যার চেষ্টা মায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিহত দুই শিশুকে ধরে বাবার আকুতি। ছবি: সোয়েল রানা
নিহত দুই শিশুকে ধরে বাবার আকুতি। ছবি: সোয়েল রানা

বগুড়া শহরের লতিফপুর কলোনি এলাকায় আজ রোববার এক মা তাঁর দুই কন্যাসন্তানকে শ্বাস রোধ করে হত্যা করেছেন। পরে মা বাসের নিচে পড়ে আত্মহত্যার চেষ্টা করেন।
নিহত দুই শিশু হলো ফাহমিদা ইসলাম (৭) ও তাছলিমা ইসলাম (২)। আহত মা সালমা আক্তারকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, সিটি ব্যাংক বগুড়া শাখার কর্মকর্তা ফরিদ উদ্দিন তাঁর স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে শহরের লতিফপুর মধ্যপাড়া এলাকার নুরুল ইসলামের বাসায় ভাড়া থাকতেন। বেলা আনুমানিক তিনটার দিকে ফরিদউদ্দিন মুঠোফোনে স্ত্রীকে ফোন করে কোনো সাড়া পাননি। পরে তিনি চিন্তিত হয়ে বাসায় যান। বাসায় গিয়ে তিনি স্ত্রীকে খুঁজে পাননি। পরে বাথরুমে দুটি বড় বালতির মধ্যে তাঁর দুই কন্যাসন্তানকে পড়ে থাকতে দেখেন। শিশুদের বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে তিনটার দিকে মা সালমা আক্তার শহরের বনানী এলাকায় বাইপাসে একটি বাসের সামনে গিয়ে লাফ দেন। এলাকার লোকজন আহত অবস্থায় তাঁকে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিত্সকের সামনে তিনি সন্তানকে হত্যা করার কথা স্বীকার করেন।
বাবা মোহাম্মদ আলী হাসপাতালের জরুরি বিভাগে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ‘আমার স্ত্রী মানসিক রোগী। প্রায়ই তাকে চিকিত্সকের কাছে নেওয়া হতো। বলত, “আমি মরে যাব। আমি আর বাঁচব না।” তবে সে যে এমন কাজ করবে তা ভাবতেই পারছি না।’ তিনি বলেন, ‘বাসায় গিয়ে দেখি বাথরুমের বালতির মধ্যে মেয়ে দুটির মাথা ডুবানো ছিল। গলায় প্লাস্টিকের রশি বাঁধা ছিল।’
হাসপাতালে মা সালমা আক্তার পুলিশ ও সাংবাদিকদের জানান, তিনি মানসিক রোগী। যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি মরতে চেয়েছেন। কিন্তু তাঁর অবর্তমানে মেয়ে দুটির কী হবে ভেবে তাদের হত্যা করেছেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম ফয়জুল ইসলাম জানান, মা সালমা আক্তারের লেখা দুটি চিরকুট ওই বাসা থেকে উদ্ধার করা হয়েছে। সালমা আক্তার তাঁর মাকে চিরকুটে লিখেছেন, ‘মা আমার অসুখ বেশি। আমি তোমাকে জানাই নাই। আমার এ যন্ত্রণা সহ্য করতে পারি না। তাই আমি দুনিয়া থেকে বিদায় নিলাম। ইতি সালমা।’ ওসিকে লেখা চিরকুটে রয়েছে, ‘মাননীয় ওসি সাহেব, আমার মৃত্যুর জন্য আমার স্বামী ফরিদুল ইসলাম দায়ী নয়। আমি একজন মানসিক রোগী। আমার অসুখের যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার সন্তানদের নিয়ে দুনিয়া থেকে বিদায় নিলাম।’
প্রতিবেশী জুবায়ের হাসান জানান, দুই-আড়াই বছর আগে ফরিদুল ইসলাম স্ত্রী ও দুই সন্তান নিয়ে ওই বাসায় ওঠেন। তাঁর স্ত্রী মানসিকভাবে অসুস্থ হওয়ায় কারও সঙ্গে মিশতেন না। বাসায় কেউ গেলে তাঁর স্ত্রী বিরক্ত হতেন।
বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সক নফিজা খাতুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবিয়ে বাচ্চা দুটিকে হত্যা করা হয়েছে। এরপর তাদের মুখে বিষ ঢেলে দেওয়া হয়েছে। ময়নাতদন্ত করার পরেই বাচ্চা দুটিকে কীভাবে হত্যা করা হয়েছে সে ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।
বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) মীর রায়হান সিদ্দিকী জানান, সালমা আক্তার তাঁর সন্তানদের হত্যা করে আত্মহত্যা করতে গিয়েছিলেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।