দুই শিশুর অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গতকাল শনিবার দুই শিশুর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে কোতোয়ালির পাটুয়াটুলী এলাকার সাততলা ভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয় সাজ্জাদ আলম ওরফে রিসাদ (১২) নামের এক ছাত্র। তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাজ্জাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদয়ন স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
হাসপাতাল সূত্র জানায়, সাজ্জাদ পরিবারের সঙ্গে ওই ভবনের সাত তলার একটি ফ্ল্যাটে থাকত। গতকাল বিকেলে সে ছাদে যায়। সেখান থেকে সে কীভাবে নিচে পড়ল—এ ব্যাপারে তার পরিবার কিছু জানাতে পারেনি। কোতোয়ালি থানার এসআই দেবব্রত দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গতকাল কড়াইল বস্তি থেকে তাসলিমা (৭) নামের এক শিশুর লাশ উদ্ধার করেন বনানী থানার এসআই মোশতাক আহমেদ। তিনি লাশের সুরতহালে উল্লেখ করেন, ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে দোলনা বানিয়েছিল তাসলিমা। গতকাল দোলনা নিয়ে খেলার সময় গলায় ওড়না পেঁচিয়ে যায়। পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেেল কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।