দুই শিশুর আকুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবুঝ দুটি শিশু! বয়স চার থেকে সাতের মধ্যে। এ বয়সেই মাকে হারিয়েছে ওরা। ওদের মা খোরশেদা আক্তার ভুল চিকিৎসায় মারা গেছেন বলে অভিযোগ রয়েছে। তাই ‘আমার মাকে ফিরিয়ে দাও’ লেখা প্ল্যাকার্ড বুকে নিয়ে ঘটনার বিচার দাবিতে অন্যদের সঙ্গে মানববন্ধনে অংশ নিয়েছে ওরা। শিশু দুটির নাম আবু হুরায়রা (৭) ও মারজানা আক্তার (৪)।গতকাল রোববার দুপুর ১২টায় রাজবাড়ীর বালিয়াকান্দি প্রেসক্লাবের সামনে এলাকাবাসীর উদ্যোগে খোরশেদার মৃত্যুর ঘটনায় জড়িত চিকিৎসকের বিচার দাবিতে মানববন্ধন করা হয়। শেষে স্বাস্থ্য মন্ত্রণালয়, রাজবাড়ী জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জনের কাছে ডাকযোগে স্মারকলিপি পাঠানো হয়। মানববন্ধনে খোরশেদার স্বামী শোয়াইব হাসান, ছেলে আবু হুরায়রা, মেয়ে মারজানা আক্তার, ভাশুর শাজাহান মোল্লা, প্রতিবেশী বিধান চন্দ্র মণ্ডল, মিঠু বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।গত ১০ জুন বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনের শাপলা ক্লিনিকে অস্ত্রোপচারের কিছুক্ষণ পর বকচর গ্রামের খোরশেদা আক্তার (২৬) মারা যান। স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবদুর রহমান সেলিমের নেতৃত্বে এ অস্ত্রোপচার হয়। ওই রাতেই শোয়াইব হাসান বাদী হয়ে আবদুর রহমানসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় তাঁদের বিরুদ্ধে ভুল চিকিৎসায় ওই প্রসূতি মারা গেছেন বলে অভিযোগ করা হয়। ২৬ জুন ওই চিকিৎসক রাজবাড়ী ১ নম্বর আমলি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ওই চিকিৎসককে গত ৩০ জুন আদালত জামিনে মুক্তি দেন।