দুই শিশুর ঝগড়ার জের...
ঢাকার ধামরাই উপজেলার বারবারিয়া গ্রামে দুই শিশুর ঝগড়ার জের আদালত পর্যন্ত গড়িয়েছে। দুই শিশুর পরিবার পরস্পরের বিরুদ্ধে মামলা করেছে। এ ঘটনায় একটি শিশুর বাবা ও চাচা গত শনিবার গ্রেপ্তারও হয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত করছে।জানা গেছে, বারবারিয়া গ্রামের মাসুদ আল শাহীনের ছেলে নাহিদ (৮) ও একই গ্রামের আবদুল জলিলের ছেলে পারভেজ (১২) ঝগড়া করে। এর জের ধরে নাহিদের বাবা ও মা পারভেজদের বাড়িতে গিয়ে পারভেজ, তাঁর মা ও বোনকে মারধর করেন। এলাকায় বিচার না পেয়ে পারভেজের মা ফুলমালা বেগম বাদী হয়ে ঘটনার পাঁচ দিন পর ২১ ফেব্রুয়ারি ধামরাই থানায় মামলা করেন। মামলায় নাহিদের মা-বাবাকে আসামি করা হয়। এর পরিপ্রেক্ষিতে ২৩ ফেব্রুয়ারি শাহীন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন আদালতে একটি অভিযোগ করেন। অভিযোগটি ধামরাই থানায় পাঠিয়ে দেওয়া হলে মামলা নথিভুক্ত করে পুলিশ গত শনিবার রাতে ফুলমালার স্বামী জলিল ও দেবর রফিককে গ্রেপ্তার করে। কিন্তু ফুলমালার দায়ের করা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।মামলায় অভিযোগ করা হয়, ১৫ ফেব্রুয়ারি তাঁর ছেলে পারভেজ ও শাহীনের ছেলে মারুফের মধ্যে ঝগড়াকে কেন্দ্র করে শাহীন ও তাঁর স্ত্রী বাড়িতে এসে তাঁদের মারপিট করেন। অন্যদিকে আদালতে করা অভিযোগে শাহীন উল্লেখ করেন, ১৬ ফেব্রুয়ারি সকালে স্কুলে যাওয়ার পথে ধামরাইয়ের বারবারিয়া বাসস্ট্যান্ড এলাকায় তাঁর ছেলে মারুফকে অপহরণের চেষ্টা করা হয়। এ সময় মারুফের চিত্কারে উপস্থিত লোকজন তাঁকে উদ্ধার করে।শাহীনের মামলার তদন্ত কর্মকর্তা ও ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মো. আতিকুল ইসলাম বলেন, আদালত থেকে মামলাটি তদন্ত করার নির্দেশ দেওয়া হয়। এ কারণে গত শনিবার দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তবে প্রাথমিক তদন্তে মনে হয়েছে, অভিযোগটি সত্য নয়। দুই পরিবারের দুই শিশুর ঝগড়া এবং ওই ঝগড়াকে কেন্দ্র করে করা ফুলমালার মামলার কারণেই পরে এ মামলাটি করা হয়েছে।