দুই শিশুর দায়িত্ব নিলেন বিচারক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই সহোদর নাসির আহমেদ ওরফে শামীম (১২) ও মেহেদি হাসান ওরফে সবুজের (১১) আপন বলতে কেউ নেই। নেই তাদের মাথা গোঁজার ঠাঁই। টানা তিন বছর ঢাকার সদরঘাটে কাটে ওদের মানবেতর জীবন। এসব কথা শুনে তাদের দায়িত্ব নিয়েছেন চাঁদপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. শওকত হোসাইন।
আদালতে গতকাল বুধবার ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দিতে নাসির ও মেহেদি বলে, তারা দুজনই ঢাকার গুলিস্তানে এনজিও পরিচালিত ইউসেফ স্কুলে পড়ত। থাকত গুলিস্তানের একটি গলির ভাড়া বাসায়। বাবা মো. রাসেল গুলিস্তানে মাছ বিক্রি করতেন। মা নাজমা বেগম ছিলেন গৃহিণী। তাদের দাদার বাড়ি মুন্সিগঞ্জে ও নানাবাড়ি শরীয়তপুরে। তারা কখনো দাদাবাড়ি কিংবা নানাবাড়ি যায়নি। অন্য কোনো আত্মীয়স্বজন তারা চেনে না। তিন বছর আগে মা ছোট ভাই শান্তকে (৩) নিয়ে চলে যান। মা চলে যাওয়ার মাস খানেক পর বাবা মারা যান। এর এক দিন পর সোহেল নামে এক ব্যক্তি চাচা পরিচয় দিয়ে ঘরের মালামাল নিয়ে যান। তখন সোহেল বলেন, এগুলো সব তাঁর, এখন কোথায় যাবি যা। তারা নিরুপায় হয়ে হাঁটতে হাঁটতে চলে যায় সদরঘাটে। সেই থেকে সদরঘাট ও আশপাশ এলাকায় কুড়িয়ে পাওয়া বোতল দিয়ে পানি সংগ্রহ করে তারা বিভিন্ন লঞ্চে বিক্রি করত। সেই টাকা দিয়ে খাবার কিনে তারা কোনোমতে খেয়ে রাতে লঞ্চে বা ঘাটের টার্মিনালে ঘুমিয়ে পড়ত। এভাবে কেটে যায় তাদের তিনটি বছর।
নাসির ও মেহেদি আরও বলে, গত রোববার সকালে ঘুম থেকে উঠে দেখে, তারা চাঁদপুরে। লঞ্চ থেকে নামার পর লোকজনকে তারা বলে তাদের ঘটনা। লঞ্চঘাটের কাছে চাঁদপুর রেলস্টেশন। তারা দুজন ওই দিন একটি ট্রেনে করে চলে যায় হাজীগঞ্জের বাকিলায়। বাকিলা বাজারে ঘোরাফেরা করতে দেখে অনেকেই নিতে চান তাদের। এ সময় হাজীগঞ্জ বানিয়াকান্দি এলাকার বিদেশ ফেরত বাচ্চু খান বিষয়টি জেনে বাকিলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমানকে জানান। পরে ওই চেয়ারম্যানের পরামর্শে বাচ্চু খান দুজনকে নিয়ে যান তাঁর বাড়িতে। নিয়ে তাঁদের দুটি লুঙ্গিও কিনে দেন। পরদিন গত সোমবার তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
হাজীগঞ্জ থানার ওসি শাহ আলম জানান, ওই দুই শিশু গতকাল তারা আদালতে জবানবন্দি দেয়। কোনো আপনজন না থাকায় জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. শওকত হোসাইন তাদের দায়িত্ব নিয়েছেন। মো. শওকত হোসাইন তাদেরদায়িত্ব নেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।