দুই শিশুর মধ্যে ঝগড়া, প্রাণ গেল বাবার!
খেলার সময় গায়ে ধুলা লাগা নিয়ে ঝগড়া হয় দুই শিশুর। একপর্যায়ে সেই ঝগড়া গড়ায় শিশু দুটির বাবাদের মধ্যে। ঝগড়ার একপর্যায়ে এক শিশুর বাবার শাবলের আঘাতে প্রাণ হারান আরেক শিশুর বাবা। গতকাল মঙ্গলবার বিকেলে বগুড়ার গাবতলী উপজেলার চককাতুলী গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন (২৮)। তিনি পেশায় প্রাইভেট কার চালক।
দুজন প্রত্যক্ষদর্শী ও গাবতলী থানা-পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, চককাতুলী গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে এবং প্রতিবেশী আলম হোসেনের মেয়ের মধ্যে খেলতে গিয়ে ঝগড়া বাধে। এরই জের ধরে আলম হোসেনের শাবলের আঘাতে দেলোয়ার হোসেন গুরুতর জখম হন। স্থানীয় লোকজন উদ্ধার করে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তুচ্ছ ঘটনার জের ধরে এই খুনের ঘটনা ঘটেছে। লাশ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।