দুই শিশুর মৃত্যু
যাত্রাবাড়ীতে পানিতে ডুবে মো. ফয়সাল (৭) এবং হাতিরঝিলে মোটরসাইকেলের ধাক্কায় মো. ফাহিম (৮) নামে দুই শিশু মারা গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ফাহিমের চাচা মো. হৃদয় বলেন, ফাহিম বাবা-মার সঙ্গে তেজগাঁও কুনিপাড়ায় (হাতিরঝিলসংলগ্ন) থাকে। স্থানীয় একটি স্কুলে সে প্রথম শ্রেণিতে পড়ে। গতকাল মঙ্গলবার দুপুরে স্কুল থেকে ফিরে চাচা হৃদয়ের কাছ থেকে ১০ টাকা নিয়ে দোকানে যায়। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে চলে যায়। আহত অবস্থায় ফাহিমকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সন্ধ্যায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফাহিমের বাবা গোলাম মোস্তফা মাছ ব্যবসায়ী। দুই ভাই এক বোনের মধ্যে ফাহিম বড়।
এদিকে বিকেলে যাত্রাবাড়ীর কাজলা উত্তরপাড়া এলাকায় বাসার পাশের একটি ডোবার পানিতে ডুবে ফয়সাল মারা যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্বজনেরা জানিয়েছেন, বিকেলে কোনো একসময় ফয়সাল পানিতে পড়ে যায়।