দুই শিশুর মৃত্যু
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার রামেরকুড়া পূর্বপাড়া গ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো রামেরকুড়া পূর্বপাড়া গ্রামের জহুরুল ইসলামের মেয়ে জয়নব বেগম (৬) ও মো. আসকর আলীর মেয়ে আশামণি (৭)। তারা মামাতো-ফুফাতো বোন। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে জয়নব ও আশামণি বাড়ির আশপাশে খেলাধুলা করতে করতে সবার অগোচরে বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর এলাকাবাসী পুকুরে তাদের ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঝিনাইগাতী থানার পরিদর্শক (তদন্ত) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় ঝিনাইগাতী থানায় দুটি অপমৃত্যু মামলা (ইউডি) দায়ের করা হয়েছে। পরিবারের আবেদনক্রমে তাদের লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।