দুই শিশুর সঙ্গে চলে গেলেন বাবাও
বাবার মোটরসাইকেলে চড়ে স্কুলে যাচ্ছিল জিম ইসলাম (১০) ও মিল্লাত হোসেন (৮)। কিন্তু তাদের আর স্কুলে যাওয়া হলো না। পথেই বাস কেড়ে নিয়েছে তাদের কোমল প্রাণ। তাদের সঙ্গে প্রাণ গেছে বাবা জাহাঙ্গীর আলমেরও (৪৫)।
আজ সোমবার সকালে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার জামতলা এলাকার সড়কে এ ঘটনা ঘটে। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা প্রায় আধ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।
নিহত জাহাঙ্গীর স্ত্রী ও দুই ছেলে নিয়ে নাগেশ্বরীর কাইটটারী গ্রামে নিজ বাড়িতে থাকতেন। বড় ছেলে জিম বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে একটি কিন্ডারগার্টেন স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়ত। একই স্কুলের প্রথম শ্রেণিতে পড়ত মিল্লাত। বাবার মোটরসাইকেলে চড়ে তারা স্কুলে আসা-যাওয়া করত।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, আজ সকাল আটটার দিকে জাহাঙ্গীর মোটরসাইকেলে দুই ছেলেকে নিয়ে তাদের স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন। জামতলা সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আদর এন্টারপ্রাইজ নামের একটি পরিবহনের বাস মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হয় জিম। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন জাহাঙ্গীর আলম ও মিল্লাতকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে বেলা দেড়টার দিকে জাহাঙ্গীর ও মিল্লাতকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
এদিকে সকালেই এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে। প্রায় আধঘণ্টা ধরে ওই সড়কে বিক্ষোভ করা হয়। এ সময় ওই সড়কে চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করে স্থানীয়রা।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস প্রথম আলোকে বলেন, বাসটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক। বাবা ও দুই ছেলের লাশ কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।