দুই শিশুর সামনে মাকে হত্যা, বাবা পলাতক
যৌতুকের দাবিতে সাভারে দুই শিশুসন্তানের সামনে ফাতেমা বেগম নামের এক গৃহবধূকে তাঁর স্বামী পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গত শনিবার রাতে সাভারের ইমান্দিপুর এলাকার বাসা থেকে ফাতেমার লাশ উদ্ধার করেছে পুলিশ।এ ঘটনায় সাভার থানায় ফাতেমার স্বামী আনোয়ার হোসেনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে আনোয়ার পলাতক।মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা গেছে, ১৭ বছর আগে আনোয়ারের (৩৬) সঙ্গে ফাতেমার (৩০) বিয়ে হয়। তাঁদের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার কালামাগা গ্রামে। বিয়ের পর থেকে আনোয়ার স্ত্রীকে নিয়ে ভাড়া বাড়িতে থেকে সাভারের বিভিন্ন এলাকায় খাবারের দোকান চালিয়ে আসছিলেন। বছর খানেক আগে আনোয়ার তাঁর শ্বশুরবাড়ির লোকজনের কাছে ২০ হাজার টাকা যৌতুক দাবি করেন। এর জের ধরে বৃহস্পতিবার রাতে তাঁর স্ত্রীকে পিটিয়ে হত্যা করেন। আনোয়ারের মেয়ে প্রত্যক্ষদর্শী রোজিনা আক্তার (১২) গতকাল রোববার প্রথম আলোকে জানায়, গত বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে তার বাবা বাসায় যান। এরপর যৌতুকের টাকা নিয়ে তার মায়ের সঙ্গে ঝগড়া করেন। একপর্যায়ে তিনি একটি কাঠের লাঠি দিয়ে তার মাকে পিটিয়ে হত্যা করেন। এরপর একটি কাঁথা দিয়ে মুড়িয়ে লাশ খাটের নিচে রেখে দেন। ভাই জেহাদ (২) ও তাকে নিয়ে রাতেই তার বাবা রাজধানীর মিরপুরের ১ নম্বরে তাদের ফুফুর বাসায় যান। এ ঘটনা কাউকে জানালে তাদের মেরে ফেলা হবে বলে হুমকি দিয়ে আনোয়ার গা-ঢাকা দেন। রোজিনা আরও জানায়, তার বাবার হুমকির ভয়ে সে বিষয়টি গোপন রাখে। কিন্তু গত শনিবার সে স্বজনদের কাছে এ ঘটনা জানিয়ে দেয়। মামলার বাদী ফাতেমার ভাই নাসির প্রথম আলোর কাছে অভিযোগ করেন, প্রায় আড়াই বছর আগে ফাতেমার অনুরোধে ছোট বোন আসমাকে তাঁদের বাসায় আনা হয়। কিছুদিন থাকার পর আসমা বাড়ি যাওয়ার বায়না ধরলে আনোয়ার তাকে পিটিয়ে হত্যা করেন। পরে ফ্যানের সঙ্গে লাশ ঝুলিয়ে রাখেন। সে সময় ফাতেমার ভবিষ্যতের কথা চিন্তা করে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়নি। সাভার থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল হাসান জানান, খবর পেয়ে শনিবার রাতে ইমান্দিপুরের বাসা থেকে ফাতেমার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। আনোয়ারের মা রিজিয়া বেগমকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে। তিনি এ মামলার আসামি। ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, আনোয়ারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।