দুই শিশুর স্বজনদের সন্ধান চায় পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার কেরানীগঞ্জের ইকুরিয়া ও রাজধানীর শাহবাগ এলাকা থেকে পাওয়া দুই শিশু। ছবি: প্রথম আলো
ঢাকার কেরানীগঞ্জের ইকুরিয়া ও রাজধানীর শাহবাগ এলাকা থেকে পাওয়া দুই শিশু। ছবি: প্রথম আলো

ঢাকার কেরানীগঞ্জের ইকুরিয়া ও রাজধানীর শাহবাগ এলাকায় দুটি শিশু পাওয়া গেছে। এদের একজনের নাম সাব্বির। তার বয়স আনুমানিক চার বছর। আনুমানিক পাঁচ বছর বয়সী অন্য শিশুটি তার নিজের নাম, মা-বাবার নাম ও বাড়ির ঠিকানা সম্পর্কিত কোনো তথ্য জানা যায়নি। এই দুই শিশুকে তেজগাঁও এলাকায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। 

ভিকটিম সাপোর্ট সেন্টার সূত্রে জানা গেছে, ২৩ জুন রাত সাড়ে আটটার দিকে মো. নান্নু মিয়া (৫৯) নামের এক ব্যক্তি রিকশা চালানোর সময় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ইকুরিয়া অফিসের সামনে সাব্বিরকে দেখতে পান। শিশুটির গায়ের রং শ্যামলা। উচ্চতা ৩ ফুট ১ ইঞ্চি। পাওয়ার সময় তার পরনে লাল ও সাদা রঙের গেঞ্জি এবং লাল হাফ প্যান্ট ছিল। শিশুটিকে মো. নান্নু মিয়া দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করেন। থানা-পুলিশ জিজ্ঞাসাবাদ করলে সাব্বির তার বাবার নাম মঞ্জু মিয়া, মা বেদানা বেগম, গ্রামের বাড়ি বাজিতপুর বা রাজেন্দ্রপুর বলে জানায়। তাকে নিরাপদ হেফাজতের জন্য ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়।

অপর ঘটনায় রাজিবুর রহমান ও লাভলু হক নামের দুই ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডের মাথায় স্বাধীনতা সরণির সামনে সড়কে নাম-পরিচয়হীন শিশুটিকে দেখতে পান। তার গায়ের রং শ্যামলা, উচ্চতা ৩ ফুট ৩ ইঞ্চি। শিশুটির পরনে ছিল টিয়া ও লাল রঙের হাফ শার্ট ও লাল ছাপের লুঙ্গি। সেখান থেকে তাঁরা ওই শিশুকে শাহবাগ থানায় হস্তান্তর করেন। থানা-পুলিশও তার কাছ থেকে নাম-ঠিকানা জানতে পারেনি। এরপর ওই শিশুকে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়।

যদি কোনো ব্যক্তি এই দুই শিশুকে চিনতে পারেন বা কোনো তথ্য থাকে তাহলে ডিএমপির পক্ষ থেকে তেজগাঁওয়ে ভিকটিম সাপোর্ট সেন্টারে অথবা ০১৭৪৫৭৭৪৪৮৭ অথবা ০২-৯১১০৮৫ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।