দুই শিশুর হাত-পা বাঁধা লাশ উদ্ধার
কুশিয়ারা নদীর শেরপুর এলাকা থেকে গত মঙ্গলবার অজ্ঞাত পরিচয় দুটি শিশুর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মৌলভীবাজার সদর, হবিগঞ্জের নবীগঞ্জ ও সিলেটের ওসমানীনগর থানার মিলনস্থল শেরপুর এলাকার কুশিয়ারা নদীতে গত মঙ্গলবার বিকেলে ভাসমান অবস্থায় দুই শিশুর লাশ দেখতে পান এলাকাবাসী। এদের একটি ছেলে। বয়স অনুমান সাত থেকে আট বছর। অপরটি মেয়ে। বয়স পাঁচ থেকে ছয় বছর।মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী গতকাল বুধবার প্রথম আলোকে জানান, তিনি সন্ধ্যায় খবর পেয়ে নিজেই ঘটনাস্থলে ছুটে যান। স্থানটি তিনটি উপজেলার মোহনাস্থল হওয়ায় তিনি সিলেটের ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে খবর দেন। তিনি আসার পর স্থানীয় জনসাধারণের সহযোগিতায় স্থানটি চিহ্নিত করা হয়। পরে স্থানটি ওসমানীনগর থানার অংশে পড়ায় রাত ১০টার দিকে ওসমানীনগর থানা শিশু দুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। অমূল্য কুমার চৌধুরী আরও জানান, ছেলে ও মেয়ের হাত-পা বাঁধা ছিল। দেখে মনে হয়েছে ভাইবোন। গতকাল পর্যন্ত এদের কোনো পরিচয় পাওয়া যায়নি।