দুই শিশুসন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা?
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার দুর্লভপুর গ্রামে দুই শিশুকন্যাকে হত্যার পর মশিদুল হক (৩০) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার মশিদুল ও তাঁর দুই মেয়ে অপি (১০) ও অনির (৬) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
পুিলশ জানায়, আত্মীয়স্বজনের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল সকাল সাড়ে নয়টার দিকে মশিদুলের বাড়ির একটি শোয়ার ঘর থেকে ওই তিনজনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। গত সোমবার রাতের কোনো এক সময় দুই মেয়েকে হত্যার পর মশিদুল গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে৷ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে তাদের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার বশির আহমেদ।
থানার ওসি ফিরোজ আহমেদ জানান, সোমবার দুপুরে স্ত্রী পরশমণি বেগমের সঙ্গে ঝগড়া হয় মশিদুলের। এরপর পরশমণি তিন বছরের সন্তান অনুকে নিয়ে বাবার বাড়ি চলে যান। দুই মেয়েকে নিয়ে রাতে বাড়িতে ছিলেন মশিদুল। ঝগড়াকে কেন্দ্র করে স্ত্রীর ওপর অভিমান করে দুই মেয়েকে হত্যার পর মশিদুল আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে পরশমণিকে আটক করা হয়েছে৷