দুই শিশুসন্তানসহ মায়ের আত্মহত্যা!
কুমিল্লার মেঘনা উপজেলায় গতকাল বুধবার দুই শিশুসন্তানসহ এক মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। এলাকাবাসীর ভাষ্য, স্বামী ও শাশুড়ির সঙ্গে পারিবারিক কলহের জের ধরে সন্তানদের নিয়ে তিনি আত্মহননের এ পথ বেছে নেন।
মৃত ব্যক্তিরা হলেন উপজেলার ভাওরখোলা গ্রামের অটোরিকশাচালক আলমগীর হোসেনের স্ত্রী রেখা বেগম (৩৫), তাঁদের মেয়ে সুমাইয়া আক্তার (৮) ও ছেলে ইমন (৫)।
এলাকাবাসীর ভাষ্য, পারিবারিক কলহের জের ধরে রেখা বেগম প্রায় তিন মাস যাবৎ বাবার বাড়িতে অবস্থান করছিলেন। কিছুদিন আগে তিনি স্বামীর বাড়িতে ফেরত আসেন। কিন্তু শ্বাশুড়ি ও স্বামীর সঙ্গে আবার তাঁর কলহ বাধে। গত মঙ্গলবার রাতেও তাঁদের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে রেখা গতকাল সকাল ১০টার দিকে তাঁর দুই সন্তানকে কীটনাশক ওষুধ খাওয়ান। পরে তিনি নিজেও তা খান। এতে তিনজনই মারাত্মক অসুস্থ হয়ে পড়লে আশপাশের লোকজন সঙ্গে সঙ্গে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু পথেই তাঁদের মৃত্যু হয়েছে বলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক খলিলুর রহমান জানান।