দুই শিশুসহ চারজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার পৌরসভার লাইটহাউস পাহাড়ধসে আহত ছেলে দেলোয়ার হোসেনকে দেখে কান্নায় ভেঙে পড়েন মা সাবেকুন্নাহার। ছবিটি কক্সবাজার সদর হাসপাতাল থেকে গতকাল সকালে তোলা l প্রথম আলো
কক্সবাজার পৌরসভার লাইটহাউস পাহাড়ধসে আহত ছেলে দেলোয়ার হোসেনকে দেখে কান্নায় ভেঙে পড়েন মা সাবেকুন্নাহার। ছবিটি কক্সবাজার সদর হাসপাতাল থেকে গতকাল সকালে তোলা l প্রথম আলো

আবার পাহাড়ধস। আবার মৃত্যু। গত সোমবার রাতে কক্সবাজার পৌর এলাকা ও রামুতে পাহাড়ধসে দুই শিশুসহ চারজন নিহত হয়েছে, আহত হয়েছে চারজন।

কক্সবাজার পৌর এলাকায় ১০০ ফুট উঁচু পাহাড়ের খাদে চার কক্ষের একটি পাকা বাড়ি। তার একটি কক্ষে ভাড়ায় থাকেন চার হোটেলকর্মী। প্রতিদিনের মতোই সোমবার রাতে সেখানে ঘুমিয়ে ছিলেন তাঁরা। রাত আনুমানিক ১২টার দিকে পাহাড়ধসে চাপা পড়েন। এতে দুজন মারা যান এবং দুজন গুরুতর আহত হন। নিহত ব্যক্তিরা হলেন কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ধামনখালী গ্রামের সাদ্দাম হোসেন (২৪) ও চৌফলদণ্ডী ইউনিয়নের মামুনপাড়ার মো. শাহেদ (১৬)।

এ ঘটনার প্রায় দেড় ঘণ্টা পর রামু উপজেলায় পাহাড়ধসে মারা গেছে একই পরিবারের দুই শিশু। এ দুটি ঘটনায় আহত হয়েছে আরও চারজন। নিহত দুই শিশু হলো রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা এলাকার মো. রায়হান (৫) ও সায়মা আকতার (৩)।

এর আগে গত ১৩ জুন ভয়াবহ পাহাড়ধসে রাঙামাটিতে ১২০ জন নিহত হয়। সেদিন রাঙামাটিসহ পাঁচ জেলার (বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার ও চট্টগ্রাম) বিভিন্ন এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে প্রাণ হারায় মোট ১৫৮ জন। ওই ঘটনার ৩৮ দিন পর ২১ জুলাই সীতাকুণ্ডে পাহাড়ধসের ঘটনায় প্রাণ যায় আরও ৫ জনের। আর ২২ জুলাই কক্সবাজারের হিমছড়িতে পাহাড়ধসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মারা যান। সোমবারের চারজন নিয়ে পাহাড়ধসে মোট মৃতের সংখ্যা ১৬৮-তে দাঁড়াল। কয়েক বছর ধরে বর্ষাকালে চট্টগ্রাম অঞ্চলে পাহাড়ধসে নিয়মিত মানুষের মৃত্যুর ঘটনা ঘটছে।

পুলিশ, জেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, সোমবার দিবাগত রাত ১২টার দিকে কক্সবাজার পৌরসভার লাইটহাউস পাহাড়ধসে একটি একতলা ভবনের দেয়াল ধসে পড়ে। এ ঘটনায় প্রাণ হারান সাদ্দাম ও শাহেদ। একই ঘটনায় আহত হন সাদ্দামের ছোট ভাই আরাফাত উদ্দিন (১৬) ও রামুর খুনিয়াপালং ইউনিয়নের গোয়ালিয়াপালং গ্রামের দেলোয়ার হোসেন (১৭)। কক্সবাজার সৈকতের হোটেল মিডিয়া ইন্টারন্যাশনালের এ চার কর্মচারী লাইটহাউস পাহাড়ের খাদে তৈরি বাড়ির একটি কক্ষে ভাড়ায় থাকতেন।

স্থানীয় যুবক নাফিজ ইকবাল প্রথম আলোকে বলেন, তিনিসহ স্থানীয় ১২-১৩ জন ঘটনাস্থলে গিয়ে দেয়াল ও মাটি সরিয়ে ওই চারজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবদুল্লাহ আল মামুন বলেন, হাসপাতালে আনার আগেই শাহেদের মৃত্যু হয়। হাসপাতালের আনার ১০ মিনিট পর মারা যান সাদ্দাম। আহত দেলোয়ার ও আরাফাতকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তাদের হাত-পা ও মাথায় একাধিক জখমের চিহ্ন রয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল ছয়টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, উঁচু পাহাড় কেটেই একতলা পাকা ভবনটি তৈরি করা হয়েছে। পাহাড়ধসে ভবনের উত্তর পাশের অংশের ওপরে পড়েছে। ওই অংশের দেয়াল ভেঙে পড়ে আছে।

গুরুতর আহত দেলোয়ার হোসেন বলেন, উত্তর পাশের কক্ষটিতে তাঁরা চারজন থাকেন। সোমবার রাত ১১টার দিকে তাঁরা ঘুমিয়ে পড়েন। রাত ১২টার দিকে হঠাৎ বিকট শব্দে পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। এতে ভবনটি কেঁপে ওঠে। সম্ভবত কয়েক মিনিটের মাথায় আরও একটি খণ্ড ধসে ভবনের ওপর পড়ে। এতে তাঁদের কক্ষের একটি দেয়াল ভেঙে পড়ে। সেখান দিয়ে মাটি কক্ষে ঢুকে তাঁদের চাপা দেয়। দ্রুত মাটি সরিয়ে উদ্ধার না করলে চারজনেরই মৃত্যু হতো।

 দেলোয়ার কক্সবাজার সদর হাসপাতালের পঞ্চম তলায় পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন। সকাল আটটার দিকে ছেলেকে দেখতে এসে কান্নায় ভেঙে পড়েন মা সাবেকুন্নাহার।

কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পঙ্কজ বড়ুয়া প্রথম আলোকে বলেন, চার দিন আগেও এই লাইটহাউসসহ পাশের কয়েকটি ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে আট শতাধিক লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছিল। কিন্তু তারা আবার পাহাড়ে বসতি শুরু করে। এ অবস্থায় পাহাড়ধসে হতাহতের ঘটনা ঘটল।

দুই শিশুর মৃত্যু

সোমবার রাত দেড়টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের চেইন্দা এলাকার কাইম্যারঘোনা পাহাড়ধসে মারা যায় দুই শিশু রায়হান ও সায়মা। আহত হন তাদের বাবা জিয়াউর রহমান (৩৮) ও মা আনারকলি (৩০)।

স্থানীয় দক্ষিণ মিঠাছড়ি ইউপির চেয়ারম্যান ইউনুস ভুট্টো বলেন, রাত দেড়টার দিকে বিকট শব্দে পাহাড়ের একটি অংশ সৌদিপ্রবাসী জিয়াউরের টিনের ছাউনির ঘরের ওপরে ধসে পড়ে। এ সময় জিয়াউর পরিবারের অন্যদের নিয়ে ঘুমিয়ে ছিলেন। ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকজন মিলে মাটি সরিয়ে রায়হান ও সায়মার মৃতদেহ উদ্ধার করেন। জিয়াউর ও আনারকলিকে উদ্ধার করে কক্সবাজারের একটি বেসরকারিহাসপাতালে ভর্তি করা হয়েছে। জিয়াউর গত ঈদের আগে দেশে আসেন। আগামী মাসের প্রথম সপ্তাহে তাঁর সৌদি আরবে ফেরার কথা রয়েছে।

কক্সবাজার জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম মজুমদার প্রথম আলোকে বলেন, কয়েক দিনের ভারী বর্ষণে শহরের বিভিন্ন পাহাড়ে ধসের ঘটনা ঘটছে। এসব পাহাড় থেকে ঝুঁকি নিয়ে বসবাসকারী লোকজনকে সরিয়ে আনা হচ্ছে।