দুই শিশুসহ চারজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা-ঘাটাইল সড়কের নারাঙ্গী মোড়ে গতকাল শুক্রবার ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। একই দিন উপজেলার গোয়ারী গ্রামের গড়াইল বিলে পানিতে ডুবে দুই শিশুরও মৃত্যু হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে উপজেলার ভরাডোবা-ঘাটাইল সড়কের নারাঙ্গী মোড়ে একটি মোটরসাইকেলকে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক উপজেলার বনকোয়া গ্রামের আশরাফুল (২০) মারা যান। এ সময় আরেক আরোহী উপজেলার চানপুর গ্রামের মোবারক হোসেনকে (২০) হাসপাতালে নেওয়ার পথে তাঁরও মৃত্যু হয়। দুর্ঘটনার পর এলাকাবাসী ট্রাকটি আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করে।একই দিন দুপুরে উপজেলার গোয়ারী গ্রামের দুই চাচাতো বোন রোমানা (৫) ও ময়না (৬) ঘাটে বেঁধে রাখা নৌকা নিয়ে গড়াইল বিলে বেড়াতে যায়। বিলের মাঝখানে যাওয়ার পর এক বোন পানিতে পড়ে যায়। এ সময় তাকে বাঁচাতে গিয়ে আরেক বোনও পানিতে তলিয়ে যায়। পরে গ্রামবাসী দুই শিশুকে উদ্ধার করে ভালুকা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। রোমানার বাবার নাম নজরুল ইসলাম এবং ময়নার বাবার নাম নুরুল ইসলাম। ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) শেখ সিরাজুল হক জানান, ট্রাকচাপার ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।