দুই শিশুসহ তিন খুন
শেরপুরে দুই শিশুকে খুনের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ। একই দিন ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মোমতাজ উদ্দিন (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর সৎভাই তাঁকে খুন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত ওই দুই শিশু হলো শেরপুর সদর উপজেলার কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের মোহামঞ্চদ আলীর মেয়ে মমতা আকতার (১১) ও একই উপজেলার হেরুয়া বালুরঘাট গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে ফিরোজ মিয়া (১০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জমি নিয়ে কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের আয়নাল মেম্বারের সঙ্গে মোহামঞ্চদ আলীর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত বৃহস্পতিবার রাতে আয়নালের ভাতিজি আরমিন একটি বিয়েবাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে মমতাকে ডেকে নিয়ে যায়। এর পর থেকে তার (মমতা) খোঁজ পাওয়া যাচ্ছিল না। সকালে আয়নালের বাড়িসংলগ্ন সবজিখেতে মমতার লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে সদর থানার পুলিশ মমতার লাশ উদ্ধার করে। মোহামঞ্চদ আলীর অভিযোগ, আয়নালের লোকজন তাঁর মেয়েকে খুন করেছেন। তবে আয়নালে ছেলে মোজামেঞ্চল অভিযোগ অস্বীকার করে বলেন, মোহামঞ্চদ আলী নিজেই তাঁর মেয়েকে খুন করে তাঁদের ওপর দায় চাপানোর চেষ্টা করছেন।
সদর থানার এসআই মো. আল মামুন জানান, মমতার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ খুনের ঘটনাটি তদন্ত করে দেখছে। এ ছাড়া তোফাজ্জল ও তাঁর সৎভাই রুস্তম আলীর মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার রুস্তমের লোকজন ফিরোজকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর অনেক খোঁজাখুঁজি করেও বৃহস্পতিবার ফিরোজের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে সকালে শ্রীবরদীর পশ্চিম কাজীরচর গ্রামের একটি বোরো ধানখেতে ফিরোজের লাশ দেখতে পান এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।
শ্রীবরদী থানার ওসি বেলাল হোসেন তরফদার জানান, ধারণা করা হচ্ছে, ফিরোজকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
এদিকে নান্দাইলের পূর্বকান্দা গ্রামের মৃত আনফর আলী দুই বিয়ে করেন। প্রথম পক্ষের ছেলে মোমতাজের সঙ্গে জমি নিয়ে দ্বিতীয় পক্ষের সন্তান মিলন ও স্বপনের বিরোধ চলছিল। নিহতের স্ত্রী এসনাহার জানান, বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বের হয়ে মোমতাজ আর বাড়ি ফেরেননি। গতকাল সকালে তাঁর জবাই করা লাশ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। তাঁর ধারণা, মোমতাজের সৎভাইয়েরা তাঁকে খুন করেছেন। থানার ওসি সাইফুল ইসলাম ফরাজী জানান, ঘটনাস্থলে স্বপনের জুতা পাওয়া গেছে। স্বপন ও মিলনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।