বাগেরহাট ও মাদারীপুরের শিবচরে গতকাল শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও গাজীপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:বাগেরহাট: গতকাল সকাল পৌনে নয়টার দিকে রামপাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া পর্যটক পরিবহন বাগেরহাট-রূপসা সড়কের বাগেরহাট সদর উপজেলার রহিমাবাদের জোয়ার্দার বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই মোটরসাইকেলে থাকা শিশু জহিরুল ইসলাম (১০) ঘটনাস্থলেই নিহত ও তার বাবা জাফর (৪০) গুরুতর আহত হন।রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): পৌর এলাকার মিয়াজি বাড়ির সামশুদ্দিন (৪০) বৃহস্পতিবার রাত নয়টায় ঘাটচেক চৌরাস্তার মাথায় এক বৃদ্ধকে সড়ক পার করে দিচ্ছিলেন। এ সময় চট্টগ্রাম শহর থেকে আসা সিএনজি অটোরিকশা তাঁকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বেঁচে যান ওই বৃদ্ধ। সামশুদ্দিন ১০ দিন আগে মধ্যপ্রাচ্য থেকে দেশে আসেন। শিবচর (মাদারীপুর): গতকাল দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের শিবচর উপজেলার মাদবরচর বাখরেরকান্দি খানবাড়ি বাসস্ট্যান্ডে যাত্রীবাহী বাসের ধাক্কায় জয় (২৫) নামের এক যুবক ঘটনাস্থলে মারা যান। জয় টঙ্গিবাড়ী বাজারে মোবাইল ফোন সার্ভিসিংয়ের কাজ করতেন। তাঁর বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায়।কালিয়াকৈর (গাজীপুর): নবীনগর-কালিয়াকৈর সড়কের গাজীপুর সদর উপজেলার জিরানী এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় একটি যাত্রীবাহী বাসচাপায় রাফছান (চার) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রাফছান তার বাবার সঙ্গে রিকশায় জিরানী বাজার থেকে বাড়ি ফিরছিল।