দুই শিশুসহ ১৯ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে গত বুধবার রাতে ও গতকাল বৃহস্পতিবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে বান্দরবানের লামা উপজেলার লামা-চকরিয়া সড়কে গতকাল সকালে গ্রামীণফোনের টাওয়ার নির্মাণসামগ্রী বহনকারী একটি ট্রাক উল্টে সাত শ্রমিক নিহত হন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

বান্দরবান: লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংসা এলাকার বাসিন্দা শহীদুল ইসলাম জানান, সকাল সাড়ে ছয়টার দিকে নির্মাণসামগ্রী ও ১৭ জন শ্রমিক নিয়ে ট্রাকটি মিরিঞ্জা পাহাড়ের দিকে যাচ্ছিল। ইয়াংসা বাজারের কাছাকাছি একটি মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে গেলে নির্মাণসামগ্রীর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। পুলিশ ও সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেয় এবং ১০ জনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে আরও তিনজনের মৃত্যু হয়।

লামা থানার উপপরিদর্শক (এসআই) রবিউল আলম বলেন, নিহত ব্যক্তিরা হলেন আবতাফ উদ্দিন, আমজাদ হোসেন, রবিন, রাজিব, রাকিব হাসান, হাসান ও আলেখ। ইয়াংসা পুলিশ ফাঁড়ির এএসআই ত্রিপন চাকমা বলেন, আহত শ্রমিকদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের সবার বাড়ি সাতক্ষীরা ও পাবনায়। ট্রাকচালক বেলাল হোসেন পালিয়ে গেছেন।

সিরাজগঞ্জ: কামারখন্দ ও সলঙ্গায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় শিশু স্কুলছাত্রীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন। নিহত ব্যক্তিরা হলেন স্কুলছাত্রী সুমাইয়া খাতুন, পিকআপ যাত্রী রমজান আলী ও ব্র্যাকের মাঠকর্মী অপূর্ব মিয়া।

সকাল সাড়ে আটটার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কের সলঙ্গা থানার সাহেবগঞ্জ বাজারে একটি ট্রাক পেছন দিক থেকে অপূর্ব মিয়ার মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বেলা তিনটার দিকে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গায় দাদপুর এলাকায় রাস্তা পারাপারের সময় বাসচাপায় সুমাইয়া নিহত হয়। সে সলঙ্গা থানার নলছিয়া গ্রামের তাহের হোসেনের মেয়ে ও দাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল। বুধবার রাত পৌনে ১২টার দিকে ঢাকা থেকে বগুড়াগামী একটি পিকআপ ভ্যান বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার সীমান্তবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী রেখা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পিকআপের যাত্রী রমজান আলী নিহত হন। এ ছাড়া চালকসহ আরও পাঁচজন যাত্রী আহত হন।

কুমিল্লা: গতকাল সকাল আটটার দিকে চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত ও একজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন দেবীদ্বার উপজেলার বরকামতা গ্রামের আবদুর রহিম ও প্রেমু গ্রামের সোহেল মিয়া।

গোয়ালন্দ (রাজবাড়ী): গতকাল বেলা ১১টার দিকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দের দৌলতদিয়া ক্যানালঘাট এলাকায় যাত্রীবোঝাই মাহেন্দ্র উল্টে খাদে পড়ে আছিয়া বেগম (৬০) নামের এক যাত্রী ঘটনাস্থলেই নিহত ও দুজন গুরুতর আহত হন। তিনি ফরিদপুর কোতোয়ালি থানার চর মাধবদিয়া খলিল মণ্ডলের হাট এলাকার খালেক শেখের স্ত্রী।

সাভার: সাভারের সিঅ্যান্ডবি-আশুলিয়া সড়কের কলমা এলাকায় গতকাল বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পোশাক কারখানার শ্রমিক এবাদত আলী মণ্ডল ও দোকানকর্মী শহীদুল ইসলাম নিহত হন। সাভার থানার এসআই এমদাদুল হক বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে।

মৌলভীবাজার:গতকাল দুপুরে শহরের কোর্ট রোডের টিসি মার্কেট এলাকায় ট্রাকচাপায় সাজনা বেগম নামের এক পথচারী শিশু নিহত হয়। সে শ্রীমঙ্গল উপজেলার ভুজপুর গ্রামের ফয়জুল ইসলামের মেয়ে।

টাঙ্গাইল: গতকাল ভোরে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাবনার ঈশ্বরদী উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুল হক ও কুষ্টিয়ার দৌলতপুরের সাইফুল ইসলাম নিহত হন। আহত হন ১০ জন।

ব্রাহ্মণবাড়িয়া: গতকাল দুপুর ১২টার দিকে শহরের গোকর্ন রোডের কাজীপাড়া পুরাতন বাসস্ট্যান্ড-সংলগ্ন ব্রাহ্মণবাড়িয়া হোমিওপ্যাথিক কলেজের সামনে ট্রাকচাপায় তাহমিনা আক্তার নামের এক স্কুলছাত্রী নিহত হয়। তাহমিনা শহরের পূর্ব পাইকপাড়া এলাকার হামদু মিয়ার মেয়ে। সে শহরের আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।