দুই শুল্ক কর্মকর্তাকে পেটাল বিজিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দর্শনা রেলস্টেশনে গতকাল মঙ্গলবার দুই শুল্ক কর্মকর্তাকে বেধড়ক পিটিয়ে গাড়িতে তুলে নিয়ে যান বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা (বিজিবি)৷ মৈত্রী ট্রেন তল্লাশিতে লিখিত আবেদন চাওয়ায় ওই ঘটনা ঘটে৷
মারধরের প্রতিবাদে শুল্ক কর্মকর্তা-কর্মচারীরা তিন ঘণ্টা কর্মবিরতি পালন করেন৷ এ সময় দর্শনা চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশ যাত্রী পারাপার বন্ধ হয়ে যায়৷
দর্শনা রেলস্টেশনের মাস্টার লিয়াকত আলীসহ শুল্ক কর্মকর্তারা বলেন, কলকাতা থেকে ছেড়ে আসা মৈত্রী এক্সপ্রেস ট্রেন গতকাল বেলা ১১টা ৫০ মিনিটে স্টেশনে এসে পৌঁছায়৷ এ সময় যথারীতি চুয়াডাঙ্গা বিজিবির সদস্যদের উপস্থিতিতে ২১৭ জন যাত্রীর অভিবাসন ও শুল্কায়ন প্রক্রিয়া শেষ হয়৷ বেলা ১২টা ৪০ মিনিটে ট্রেনটি ছাড়ার অনুমতিও দেওয়া হয়৷ সেই মুহূর্তে বিজিবির যশোর রিজিয়নের নায়েব সুবেদার শহিদ ট্রেন তল্লািশর অনুমতি চান৷ ওই সময় তাঁকে জানানো হয়, আন্তর্জাতিক ট্রেনের নির্ধারিত সময় শেষ৷ এখন তল্লািশ করতে হলে লিখিতভাবে আবেদন করতে হবে৷ কিন্তু শহিদ কয়েকজন বিজিবি সদস্যকে নিয়ে জোর করে ট্রেনে উঠে এক নারী যাত্রীর ব্যাগ নিয়ে টানাহেঁচড়া শুরু করেন৷ শুল্ক ও অভিবাসন বিভাগের কর্মকর্তারাও সেখানে ছুটে আসেন৷ কথা-কাটাকাটির পর ওই যাত্রীকে ছেড়ে দেওয়া হয়৷
এরপর শহিদের নেতৃত্বে বিজিবি সদস্যরা দর্শনা কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. শহীদুল ইসলাম (৫৮) ও সহকারী রাজস্ব কর্মকর্তা আনোয়ার হোসেনকে (৫৫) লাঠি দিয়ে বেধড়ক পেটান এবং গাড়িতে উঠিয়ে নিয়ে যান৷
এই ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়লে শুল্ক কর্মকর্তা-কর্মচারীরা দর্শনা জয়নগর শুল্ক চেকপোস্টের শুল্ক কার্যালয়ে সঙ্গে সঙ্গেই তালা ঝুলিয়ে দেন৷ বেলা একটা থেকে গোটা চেকপোস্ট অচল হয়ে পড়ে৷ পরে চুয়াডাঙ্গায় বিজিবি ৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম মনিরুজ্জামানের অনুরোধে বিকেল চারটায় শুল্ক বিভাগের কর্মীরা কাজে যোগ দেন৷
আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমাদের সঙ্গে বিজিবির নায়েব সুবেদার শহিদ ও অন্য সদস্যরা যে আচরণ করেছেন তা কোনো মানুষের করা উচিত নয়৷ প্রথমেই আমাদের পিকআপের পেছনে বসিয়ে যশোরের পথে রওনা হন৷ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে নিয়ে সাদা কাগজে স্বাক্ষর করতে বলেন৷ স্বাক্ষর করতে অপারগতা জানালে দুর্ব্যবহার করেন৷ অনেক বাগ্বিতণ্ডার পর উথলী থেকে গাড়িটি ঘুরিয়ে প্রায় দুই ঘণ্টা পর দর্শনা স্টেশনে রেখে যান৷’
আনোয়ার বলেন, বিজিবির হামলায় তাঁর বাঁ হাতের জয়েন্ট ফেটে গেছে৷ চ্যাংদোলা করে পিকআপের ভেতরে ফেলায় সারা শরীরে ব্যথার সৃষ্টি হয়েছে৷
শহীদুল ইসলাম বলেন, তাঁকে টেনেহেঁচড়ে নিয়ে যাওয়ার সময় মাথায় ও পিঠে আঘাত লেগেছে৷ তিনি দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন৷ ঘটনাটি কাস্টমসের যশোর সদর দপ্তরে জানিয়েছেন৷ এ ব্যাপারে মামলা করবেন তিনি৷
বিজিবির যশোর রিজিয়নের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল গাজী আসাদুজ্জামান বলেন, ‘সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ট্রেনে তল্লাশি চালাতে গেলে শুল্ক বিভাগের লোকজন বাধা দেন—আইনগতভাবে কখনোই তঁারা পারেন না৷ দুই কর্মকর্তাকে নিয়ে গেলেও তাঁদের সসম্মানে আবারও স্টেশনে রেখে আসা হয়েছে৷’ দুই কর্মকর্তাকে মারধর করা হয়নি বলে তিনি দাবি করেন৷
এদিকে বিকেল সাড়ে পাঁচটার দিকে দর্শনা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজিবি ও শুল্ক বিভাগের কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়৷ বৈঠক শেষে বিজিবি কর্মকর্তা এস এম মনিরুজ্জামান বলেন, উভয় পক্ষের মধ্যে ভুল-বোঝাবুঝির কারণে এ ঘটনার সৃষ্টি হয়েছে৷ ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সে জন্য উভয় পক্ষ সতর্ক থাকবে৷