দুই শ্রমিক ইউনিয়নের দ্বন্দ্ব, দুর্ভোগে যাত্রীরা
পাবনা মোটর শ্রমিক ইউনিয়ন ও শাহজাদপুর মোটর শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের মধ্যে মারামারির ঘটনাকে কেন্দ্র করে এক সপ্তাহ ধরে পাবনা-ঢাকার মধ্যে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। পাবনা থেকে ঢাকায় শাহজাদপুর হয়ে আসা-যাওয়া সহজ হলেও এ পথের বাসগুলো কয়েক দিন ধরে নাটোরের বনপাড়া হয়ে আসা-যাওয়া করছে। এতে প্রায় ৩০ কিলোমিটার পথ বেশি ঘুরতে হচ্ছে। এ ছাড়া মারামারির ঘটনার পর থেকে শাহজাদপুর থেকে পাবনা হয়ে রাজশাহী, খুলনা, কুষ্টিয়াসহ বিভিন্ন স্থানে চলাচলকারী অন্তত ২০টি যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।দুই পক্ষের শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শাহজাদপুর শ্রমিক ইউনিয়নের নিয়ন্ত্রণাধীন সাব্বির পরিবহন নামের যাত্রীবাহী বাস নিয়মিতভাবে প্রতিদিন শাহজাদপুর থেকে পাবনা হয়ে রাজশাহী যাতায়াত করে। অন্যদিকে পাবনা শ্রমিক ইউনিয়নের নিয়ন্ত্রণাধীন চঞ্চল পরিবহন নামের যাত্রীবাহী বাস পাবনা থেকে রাজশাহী যাতায়াত করে। গত ২২ জুন বাস দুটি রাজশাহী থেকে ফিরছিল। পথে বিকেল চারটার দিকে পাবনার গাছপাড়ায় বাস দুটির শ্রমিকেরা বাগিবতণ্ডায় জড়িয়ে পড়লে একপর্যায়ে চঞ্চল পরিবহনের শ্রমিকেরা সাব্বির পরিবহনের শ্রমিকদের মারধর করেন। সাব্বির পরিবহনের শ্রমিকেরা শাহজাদপুরে ফিরে অন্য শ্রমিকদের বিষয়টি জানালে তাঁরা একজোট হয়ে ওই দিনই বিকেল সাড়ে পাঁচটার দিকে মহাসড়ক আটকে ঢাকা-পাবনা, পাবনা-সিরাজগঞ্জসহ বিভিন্ন পথে চলাচলকারী পাবনা শ্রমিক ইউনিয়নের নিয়ন্ত্রণাধীন সাত থেকে আটটি বাস ও কোচ আটকে এর শ্রমিকদের মারধর করেন। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুরও করা হয়। এর পর থেকে দুই শ্রমিক ইউনিয়নের নিয়ন্ত্রণাধীন যানবাহনগুলো ওই পথে (পাবনা-শাহজাদপুর) চলাচল বন্ধ হয়ে যায়। তবে ওই সড়কপথে অন্যান্য এলাকার মালিকদের যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।বেড়া পৌর এলাকার বৃশালিখা মহলার আল মামুন বলেন, ‘রোববার স্ত্রী-সন্তানদের নিয়ে ঢাকা থেকে আলহামরা পরিবহনে বেড়ায় আসার পথে আমাদেরসহ সব যাত্রীকে উল্লাপাড়ার বালসাবাড়ীতে নামিয়ে দেওয়া হয়। দীর্ঘ সময় পর ওই পরিবহনেরই ভাড়া করা আরেকটি ছোট বাস আমাদের বেড়া নিয়ে আসে।’ এদিকে গত রোববার দুই শ্রমিক ইউনিয়নের নেতারা পাবনা মোটর মালিক পক্ষের কার্যালয়ে বিষয়টি মীমাংসার জন্য বৈঠকে বসলেও কোনো সমাধান ছাড়াই বৈঠকটি শেষ হয়ে যায়।পাবনা মোটর শ্রমিক ইউনিয়নের সড়ক সম্পাদক আলাউদ্দিন আলাল বলেন, ‘মীমাংসার জন্য শাহজাদপুর মোটর শ্রমিক ইউনিয়নের কয়েকজন ছোট কর্মকর্তা এলেও বড় নেতাদের কেউ আসেননি। তাই আলোচনা এগোয়নি।’ শাহজাদপুর মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, ‘শিগগিরই মীমাংসার তারিখ নির্ধারণ করে আবারও বসব। আশা করি বিষয়টি সমাধান হয়ে যাবে।’