দুই শ্রমিককে ধর্ষণ, পরে একজনকে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক পোশাকশ্রমিককে গাছের সঙ্গে বেঁধে তাঁর সহকর্মী দুই নারী পোশাকশ্রমিককে ধর্ষণ করা হয়েছে। পরে এক নারী শ্রমিককে অপহরণ করা হয়। পয়লা বৈশাখ উপলক্ষে গত সোমবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার একটি সরকারি বাগানে বেড়াতে গেলে এ ঘটনা ঘটে।
ধর্ষণের ঘটনায় জড়িত অভিযোগে কালিয়াকৈরের কাঠুরিয়াচালা এলাকার মোফাজ্জল হোসেনকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। মোফাজ্জলসহ ছয়জনের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে। অন্য পাঁচ আসামি হলেন কালিয়াকৈরের ভান্নারা এলাকার আরমান (২৪) ও আবদুর রহিম (১৮); পুরাচালা এলাকার মো. রয়েল (২৫) ও আফসার হোসেন এবং কাঠুরিয়াচালার মো. সোহেল মিয়া (২৭)।
পুলিশ ও ধর্ষিতার পরিবার জানায়, ওই তিন পোশাকশ্রমিক কালিয়াকৈরের একটি পোশাক কারখানায় প্লেইন মেশিন অপারেটর হিসেবে কাজ করেন। সোমবার পয়লা বৈশাখের ছুটি থাকায় বিকেল চারটার দিকে তাঁরা মুরাদপুরের একটি সরকারি বাগানে বেড়াতে যান। এ সময় বখাটে মোফাজ্জল হোসেনের নেতৃত্বে ছয় যুবক তাঁদের তিনজনকে আটক করেন। এরপর পুরুষ পোশাকশ্রমিককে গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে ওই যুবকেরা দুই নারী শ্রমিককে ধর্ষণ করেন। ধর্ষণের পর একজনকে ছেড়ে দিয়ে অপর একজনকে একটি গাড়িতে তুলে নিয়ে যান। সেখান থেকে রাতে বাসায় ফিরে পুরুষ শ্রমিকসহ দুই শ্রমিক বিষয়টি তাঁদের পরিবারের সদস্য ও পুলিশকে জানান। পুলিশ রাতেই অভিযান চালিয়ে মোফাজ্জলকে গ্রেপ্তার করে।