দুই শ্রমিকনেতা লাঞ্ছিত জড়িতদের গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে দুই শ্রমিকনেতাকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম (সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে) দেওয়া হয়েছে। জেলা বাস শ্রমিক ইউনিয়নের নেতারা শনিবার এই আল্টিমেটাম দেন। এই দাবি না মানা হলে আগামী মঙ্গলবার থেকে সব রুটে অনির্দিষ্টকালের বাস চলাচল বন্ধ থাকবে বলে তাঁরা হুমকি দিয়েছেন। বাসশ্রমিক সূত্রে জানা গেছে, একদল শ্রমিক শনিবার সকাল সাড়ে ১১টায় বাসমালিক সমিতির কার্যালয়ের নিচে সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও সাবেক সাধারণ সম্পাদক আনছার আলীকে লাঞ্ছিত করে। এ খবর জানার পর শ্রমিকেরা সব রুটে বাস চলাচল বন্ধ করে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বাস টার্মিনাল ও মালিক সমিতির কার্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ পরিস্থিতিতে শ্রমিক নেতারা বৈঠক করে নাসির উদ্দিন ও আনছার আলীকে লাঞ্ছিত করার অভিযোগে মাছিমপুর মহল্লার সুমন, সোহেল, মুক্তা ও মুরাদ নামে চার শ্রমিককে ইউনিয়ন থেকে বহিষ্কার করেন। একই সঙ্গে তাঁরা ওই চার শ্রমিককে গ্রেপ্তারের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে দুপুর দেড়টা থেকে পুনরায় বাস চলাচলের সিদ্ধান্ত নেন। এ ঘটনায় অভিযুক্তদের নামে সিরাজগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে। অভিযুক্ত শ্রমিকদের মধ্যে সুমন ও সোহেল জানান, সিরাজগঞ্জ-ঢাকা রুটে নতুন করে একটি বাস কাউন্টার চালুর বিষয় নিয়ে তর্ক-বিতর্কের ঘটনাকে কেন্দ্র করে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ারেছ মিয়া জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আসামিদের গ্রেপ্তার করার প্রক্রিয়া চলছে।