দুই শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ভাটারা ও গেন্ডারিয়ায় আজ মঙ্গলবার দুই শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এঁরা হলেন আবদুল হক (৭০) ও মিরাজ (২৫)।

ভাটারা এলাকায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ইট পড়ে আবদুল হক নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ভাটারা থানার খিলবাড়ির টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাঁর বাড়ি কিশোরগঞ্জের ইটনা উপজেলার সোহেলা গ্রামে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আবদুল হকের স্ত্রী রাবেয়া বলেন, ভাটারা নূরের চালা বাজার এলাকায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন তাঁর স্বামী আবদুল হক। ইট নিয়ে ওপরে ওঠার সময় ভবনের তৃতীয় তলা থেকে একটি ইট তাঁর ওপর পড়ে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিকে, আজ দুপুর সাড়ে ১২টার দিকে গেন্ডারিয়ায় রজনী চৌধুরী রোডে মনীষা স্কুল সংলগ্ন একটি নির্মাণাধীন ১০ তলা ভবনের চারতলা থেকে পড়ে যান মিরাজ। মিরাজ ওই ভবনে রাজমিস্ত্রির কাজ করছিলেন বলে জানান তাঁর সহকর্মী সাহাবুদ্দীন। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর বেলা দেড়টার দিকে মিরাজকে মৃত ঘোষণা করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোজাম্মেল হক বলেন, ময়নাতদন্তের জন্য দুটি লাশ হাসপাতালের মর্গে রয়েছে।