চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে ও গতকাল শুক্রবার সকালে পৃথক তিনটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নগরের অক্সিজেনের শীতলঝর্ণা আবাসিক এলাকায় হাতমোজা কারখানায় আগুনে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
অন্য দুটি ঘটনায় কেউ হতাহত না হলেও প্রায় সাত লাখ টাকার মালামাল পুড়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে প্রতিটি আগুনের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে শীতলঝর্ণা আবাসিক এলাকায় অবস্থিত কর্ণফুলী নিটিং ফ্যাক্টরি লিমিটেড নামে হাতমোজা তৈরির সেমিপাকা কারখানায় আগুন লাগে। এতে দুই শ্রমিক নিহত হন। তাঁরা হলেন মোহাম্মদ রনি (৩২) ও মোহাম্মদ ইফতেখার (৩৫)। রনি চাঁদপুর সদরের মৃত তামান্না খানের ছেলে। ইফতেখারের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ সূত্রে জানা গেছে, মোরশেদ আলম ও সিদ্দিকুর রহমানের মালিকানাধীন কর্ণফুলী নিটিং ফ্যাক্টরিতে বৃহস্পতিবার রাত সাড়ে িতনটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
বায়েজিদ বোস্তামি থানার উপপরিদর্শক পান্না লাল বড়ুয়া প্রথম আলোকে বলেন, এই আগুনের ঘটনায় গুরুতর আহত দুই শ্রমিককে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। এই দুই শ্রমিক কারখানায় কাজ করছিলেন বলে জানান তিনি।
এদিকে নগরের চকবাজার এলাকার লালচান্দ সড়কে অবস্থিত ফ্যাশন পার্ক ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি পোশাক কারখানায় আগুনে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে কারখানার ফিনিশিং শাখায় এ আগুন লাগে।