দুই শ্রেণীর ছাত্রের সংঘর্ষ আহত ৮
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় গতকাল বৃহস্পতিবার একটি উচ্চবিদ্যালয়ের দুই শ্রেণীর ছাত্রদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একজন শিক্ষক, এক নৈশপ্রহরী ও আটজন ছাত্র আহত হয়েছে।
সদর ইউনিয়নের বনগাঁও আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ে এ সংঘর্ষ হয়। এ ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, বুধবার পাঠাগারে বই পড়া নিয়ে অষ্টম ও নবম শ্রেণীর দুই দল ছাত্রের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে গতকাল সকাল ১০টার দিকে অষ্টম শ্রেণীর ছাত্র ছয়ফুল ইসলাম ও নবম শ্রেণীর ছাত্র শামীম আহমদের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ থামাতে গিয়ে শিক্ষক রাজেশ পাল ও নৈশপ্রহরী সিদ্দেক আলী আহত হন। এ ঘটনায় অষ্টম শ্রেণীর ছাত্র ছয়ফুল, ফারুক, লুৎফুর এবং নবম শ্রেণীর শামীম, সাহেল ও রফিক আহত হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার কারণ অনুসন্ধান করে ব্যবস্থা নেওয়ার জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র দাস জানান, তদন্ত কমিটির প্রতিবেদন পেয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
কমলগঞ্জ থানার ওসি নিহার রঞ্জন নাথ জানান, পুরো বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত করছে।