দুই সংগঠনের তিন দিনব্যাপী অনুষ্ঠান শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নানিয়াটিকর গ্রামে শশীমোহন ব্যানার্জী স্মৃতি গ্রন্থাগারের ৩০তম ও বরেন্দ্র শিশু থিয়েটারের ২৪তম বর্ষপূর্তি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়েছে। গতকাল বেলা ১১টায় দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক এবং দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
শশীমোহন ব্যানার্জী স্মৃতি গ্রন্থাগারের সভাপতি সত্যেন্দ্রনাথ ব্যানার্জী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন সংগঠন দুটির প্রতিষ্ঠাতা রাজশাহী কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নাট্যকার দ্বীজেন্দ্র ব্যানার্জী। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলা একাডেমির পরিচালক অপরেশ কুমার ব্যানার্জী, দিনাজপুর জেলা শিক্ষা কর্মকর্তা এনায়েত হোসেন, রাজশাহীর নিউ উত্তরা কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আউলিয়া রাজিব ওয়াহিদ এবং রাজশাহী শিক্ষা বোর্ডের হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আকতারুজ্জান।
অনুষ্ঠানে সিমলা রায় ও টুম্পা খাতুন নৃত্য পরিবেশন করে। নাটক, কৌতুক ও সংগীত পরিবেশনের মধ্য দিয়ে প্রথম দিনের কর্মসূচি শেষ হয়। অনুষ্ঠানে বই পড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার এবং অতিথিদের সংবর্ধনা জানানো হয়। এ ছাড়া ‘কলতান’ নামে একটি স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়।