দুই সংবাদকর্মীর বিরুদ্ধে আইসিটি আইনে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্য এশিয়ান এজ পত্রিকার পটুয়াখালীর দশমিনা উপজেলা প্রতিনিধি নিপুন চন্দ্র ও দৈনিক জনতার উপজেলা প্রতিনিধি সঞ্জয় ব্যানার্জির বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনের ৫৭ ধারায় একটি মামলা করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিকদার গোলাম মোস্তফা। ১৬ মে দশমিনা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে এই মামলা করা হয়। আদালত সাত দিনের মধ্যে যাচাই-বাছাই করে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়, আসামিরা অবৈধভাবে লাভবান হওয়ার আশায় ৮, ১১ ও ১২ মে তাঁদের বাদী এবং দশমিনা উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে ভিত্তিহীন, মানহানিকর ও উসকানিমূলক খবর লিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন।
যোগাযোগ করা হলে নিপুন চন্দ্র বলেন, ৮ মে দশমিনার পূর্ব আলীপুর গ্রামে সম্পত্তি দখলে বাধা দেওয়ায় কানন বালা নামের এক হিন্দু বিধবাকে হাত-পা বেঁধে নির্মমভাবে নির্যাতন করা হয়। তিনি ঘটনাস্থলে গিয়ে তথ্য ও ছবি সংগ্রহ করে সংবাদ প্রকাশ করেন। ফেসবুকে বাদী সিকদার গোলাম মোস্তফার নাম উল্লেখ করে কখনো কোনো পোস্ট তিনি দেননি।
সঞ্জয় ব্যানার্জি বলেন, ফেসবুকে তিনি সিকদার গোলাম মোস্তফাকে নিয়ে কোনো দিন কোনো পোস্ট দেননি।
দশমিনা থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, আদালতের নির্দেশনা যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।